ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জামায়াত নেতার পুত্রবধূ হলেন আ.লীগ নেতার কন্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:16 PM

জামায়াত নেতার পুত্রবধূ হলেন আ.লীগ নেতার কন্যা

জামায়াত নেতার পুত্রবধূ হলেন আ.লীগ নেতার কন্যা

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের মেয়েকে পুত্রবধূ বানিয়ে ঘরে তুলেছেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী।

শনিবার রাতে হোটেল-মোটেল জোনের তারকা হোটেল সি-গালে শাহজালাল চৌধুরীর ছেলে আইনজীবী হাসানুল বান্নার সঙ্গে জাফর আহমদের মেয়ে সুফিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হাসানুল বান্না জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ভাতিজা।

এ বিয়েকে ঘিরে শনিবার সন্ধ্যার পর থেকে তারকা হোটেল সি-গালে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতাদের মিলনমেলা বসে। অতিথি হয়ে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, সরকার দলীয় এমপি আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ চৌধুরী, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, সাবেক এমপি আব্দুর রহমান বদি, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, এবি পার্টি নেতা শামসুল হকসহ সব রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

রাজনৈতিক দলের নেতারা ছাড়াও আইনজীবী, সাংবাদিক, আলেম ওলামা ও পেশাজীবী নেতারা এবং পারিবারিক আত্মীয়স্বজনরা বিয়ের অনুষ্ঠানে আসেন।

সবাই একই টেবিলে খাবার খাওয়ার পর জমিয়ে আড্ডা দেন। প্রাণবন্ত আড্ডায় উঠে আসে পুরনো দিনের রাজনৈতিক অনেক স্মৃতি এবং বর্তমান অবস্থা।

জামায়াত নেতার পুত্রবধূ হলেন আ.লীগ নেতার কন্যা

জামায়াত নেতার পুত্রবধূ হলেন আ.লীগ নেতার কন্যা

আলোচনা হয় বর্তমান নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি নিয়েও। এ নিয়ে পক্ষে-বিপক্ষে কথা হলেও আলাপের পরিবেশ ছিল অত্যন্ত হাস্যোজ্জ্বল ও সৌহার্দপূর্ণ।

আলোচনায় বক্তব্য নিজের মতের বাইরে গেলেও কারো চোখেমুখে কোনো রাগ বা বিরক্তি দেখা যায়নি বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অনেকে।

রাজনীতিতে বৈরীভাব থাকলেও সামাজিক অনুষ্ঠানে জেলার সব রাজনীতিকদের এমন সৌহার্দপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানের সাধারণ অতিথিদের বিমোহিত করেছে। অনেকে সবার একসঙ্গে বসে আলাপচারিতার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। সেখানে সিংহভাগই একে ইতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন।

এ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবি পার্টির নেতা ও প্রবীণ সাংবাদিক শামসুল হক শারেক।

উপসংহারে তিনি লিখেছেন- এ বিয়ে অনুষ্ঠানের মতোই যদি আমাদের সমাজ ও দেশের পরিবেশটা হতো! সব দলের নেতারা একসঙ্গে বসে যদি আমাদের সমাজ এবং দেশটা পরিচালনা করতো, তাহলে কতই না ভালো হতো!

বর-কনের পরিবার সূত্র জানায়, আগেই আকদ সম্পন্ন হয়েছিল হাসানুল বান্না ও সুফিয়ার। কিন্তু করোনার কারণে বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি। শনিবার তারকা হোটেল সি-গালে সীমিত পরিসরে করা হয় আনুষ্ঠানিকতা।

এতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এবি পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতা উপস্থিত থাকলেও কোনো নেতাই আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status