দক্ষিণ আফ্রিকায় গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আকবরদের শিরোপা পাইয়ে দিতে পেছন থেকে লড়েছেন যুব দলের ফিটনেস ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার। তবে চলতি বিশ্বকাপে যুব টাইগারদের ব্যর্থতা নিয়ে সমালোচনা করায় বাংলাদেশের মানুষকে নির্বোধ বললেন এই ইংলিশ কোচ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলার যুবারা। ব্যর্থতার বেড়াজালে আটকে টুর্নামেন্ট শেষ করেছে অষ্টম দল হিসেবে। দুর্বল দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া লড়াইয়ে হেরেছে বাকি দলগুলোর বিপক্ষে। যুব টাইগারদের এমন ব্যর্থতা নিয়ে সমালোচান হচ্ছে বাংলাদেশের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা একেবারেই পছন্দ হয়নি স্টোনিয়ারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে সেখানে তিনি কড়া বার্তায় জানান, বাংলাদেশের মানুষ নির্বোধ।
ওই ভিডিওতে স্টোনিয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষ তোমরা নির্বোধ। মিডিয়া যেসব জিনিস নিয়ে কথা বলছে, তারা কিছুই জানে না। আমি জানি না তোমাদের আবার কেন সময় দিচ্ছি, কিন্তু দিচ্ছি। আমরা হেরেছি, আমরা ভালো খেলিনি, এটা স্পষ্ট। কিন্তু সাতে শেষ করেছি আটে শেষ করেছি, এগুলো জঘন্য। ‘
ওই ভিডিও বার্তায় স্টোনিয়ার গত বিশ্বকাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘২০২০ সালে যখন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছি তখন তো তোমাদের এত আলোচনা ছিল না। ছেলেদের একটু বিরতি দাও! তারা ঘুরে দাঁড়াবে। ৬ মাস ধরে ছেলেরা জৈব সুরক্ষা বলয়ে আছে। আমার সাথে কোনো মিডিয়া যোগাযোগ করবে না। ‘
টাইগার যুবাদের দ্বিতীয় শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় মূলত কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ভারত। যাদের হারিয়ে ২০২০ সালে প্রথমবার আইসিসির বড় কোনো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। বিশ্বকাপে জিতলেও গত বছরের ডিসেম্বরে যুব এশিয়া কাপে বাংলাদেশকে বিদায় করে প্রতিশোধ নিয়েছিলো ইয়াশ ধুলের দল। সে হারের প্রতিশোধ বাংলার যুবারা নিতে পারেনি বিশ্বকাপের মঞ্চেও।
বাজে হারে শেষ হয় সেমিতে ওঠার স্বপ্ন। এরপর পঞ্চম স্থান নির্ধারণি ম্যাচে বাংলাদেশের যুবারা পাকিস্তানে বিপক্ষে হারে। আইচ মোল্লারা ব্যর্থতার ইতি টানতে পারেননি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও। অষ্টম নির্ধারণি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে আসর শেষ করে বাংলাদেশ। অপ্রাপ্তির মিশনে বাংলাদেশের প্রাপ্তি শুধু শেষ দুই ম্যাচে আরিফুলের দুটি ঝকঝকে সেঞ্চুরির ইনিংস।
১৬ দলের বিশ্বকাপে ৮ নম্বর হয়ে এখন দেশের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজ হয়ে, ইংল্যান্ডের ম্যানচেস্টার আর দুবাইয়ে ট্রানজিট নিয়ে রোববার দেশে ফেরার কথা আছে জুনিয়র টাইগারদের।