|
গ্যাসের চুলা হতে পারে বাড়ির সবার ক্ষতির কারণ
নতুন সময় প্রতিবেদক
|
|
গ্যাসের চুলা হতে পারে বাড়ির সবার ক্ষতির কারণ ২০১৩ সালের একটি মেটা অ্যানালাইসিস বলছে, গ্যাসের চুলা আছে এমন বাসার শিশুদের অ্যাজমার মতো উপসর্গে ভোগার আশঙ্কা ৪২ শতাংশ বেশি, জীবনব্যাপী অ্যাজমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৪ শতাংশ বেশি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ লিসা প্যাটেল বলেন, "আমরা জানতাম যে গ্যাসের বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষ করে গ্যাসের চুলা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। উচ্চ মাত্রার নাইট্রোজেন ডাই অক্সাইড শিশুদের হাঁপানির ঝুঁকিতে ফেলে। কার্বন মনোক্সাইডও বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে, যা কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। আর দীর্ঘস্থায়ীভাবে পিএম ২.৫ এর সংস্পর্শে থাকলে আয়ু কমে আসা, হাঁপানি, ফুসফুসের কার্যকারিতা কমে যাওয়া এবং সময়ের আগে সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে।" প্যাটেল জানান, হুডগুলো কিছুটা সুরক্ষা দেয়। তবে ক্যালিফোর্নিয়ার একটি জরিপ অনুসারে, মাত্র ৩৫ শতাংশ পরিবার এটি ব্যবহার করে। "বেশিরভাগ মানুষের হয় হুড নেই, বা তারা হুড ব্যবহার করে না, অথবা তাদের ফিল্টারগুলো পরিষ্কার না করতে করতে অকেজো হয়ে গেছে", বলেছিলেন তিনি। নিম্ন-আয়ের মানুষ, কৃষ্ণাঙ্গ এবং আদিবাসী জনগোষ্ঠী সাধারণ জনসংখ্যার তুলনায় হাঁপানিতে ভোগেন বেশি, কারণ তারা উচ্চ মাত্রায় দূষিত বায়ুর এলাকায় বাস করেন। ঘরের ভেতরকার দূষণ কীভাবে অধিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর প্রভাব রাখে সে সম্পর্কে কম গবেষণা হয়েছে। তবে গবেষকরা বলছেন, ছোট বাড়ি এবং বড় পরিবারে ঝুঁকি বেশি হতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণাটির কাজে ক্যালিফোর্নিয়ার ৫৩টি বাড়ির বাতাস পরীক্ষা করে দেখেছেন। ১৮টি আলাদা ব্র্যান্ডের চুলা, চুলার বয়স তিন বছর থেকে শুরু করে ৩০ বছর, নমুনা হিসেবে নেওয়া হয়। গবেষণায় দেখা গেছে, নতুন চুলা থেকেও পুরনো চুলার মতোই একই পরিমাণে মিথেন আর নাইট্রোজেন ডাই-অক্সাইড নির্গত হয়। যুক্তরাষ্ট্রের শহরগুলোতে নতুন ভবন নির্মাণের সময় নতুন গ্যাস হুক-আপ স্থাপন নিষিদ্ধ হতে চলেছে এমন সময়েই গবেষণাটি সামনে এলো। গত ডিসেম্বরে নিউইয়র্কের নতুন স্থাপনায় গ্যাসের যন্ত্রপাতি বসানো নিষিদ্ধের বিল পাস করে। ক্যালিফোর্নিয়ার বার্কলে, স্যাক্রামেন্টো সহ কয়েক ডজন ছোট শহর ও ব্রুকলিন ম্যাসাচুসেটসে অনুরূপ নিয়ম জারি আছে। গ্যাস শিল্প এবং রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভাগুলো এর বিরুদ্ধে নেমেছে। ফ্লোরিডা, পেনসিলভানিয়া এবং টেক্সাস সহ ২০টি অঙ্গরাজ্য আগে থেকেই এমন আইন পাস করেছে যার ফলে নতুন স্থাপনায় গ্যাসের যন্ত্রপাতি বসানো নিষিদ্ধ করা সম্ভব হবে না। এরই মধ্যে স্ট্যানফোর্ড গবেষকদের একজন, জ্যাকসন, মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে অন্যান্য অঙ্গরাজ্যে অনুরূপ গবেষণা চালানোর পরিকল্পনা করছেন। তিনি আশা করছেন, স্থানীয় তথ্য নতুন ভবনগুলোকে বিদ্যুতায়ন এবং পুরানোগুলোকে পুনরুদ্ধার করার জন্য রাজ্য এবং স্থানীয় সরকারের জন্য মামলা তৈরি করতে সহায়তা করবে। গবেষণাটির প্রধান গবেষক লেবেল আশা করেন, তাদের এই গবেষণা গ্যাস 'ক্লিন এনার্জি' সম্পর্কিত এমন ভ্রান্ত ধারণা দূর করবে। গ্রাহক ও সরকারকে সত্যিকারের ক্লিন এনার্জির উৎস সন্ধানে উত্সাহিত করবে। "আমরা গ্যাস পোড়াচ্ছি এই বলে যে, এটি কয়লার চেয়ে পরিষ্কার। তবে আরও ভাল বিকল্প কিন্তু রয়েছে। আমরা এটা জানি এবং বলতে পারি, অ-জীবাশ্ম জ্বালানী জলবায়ুর জন্য ভালো। আমাদের নিরাপত্তার জন্য ভালো। আপনার স্বাস্থ্যের জন্যও ভালো", তিনি বলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
