বিপিএল মাঠে হঠাৎ হেলিকপ্টার, ক্রিকেটাররা আতঙ্কিত, কিন্তু কেন? (ভিডিও)
বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে, মিনিস্টার গ্রুপ ঢাকা অনুশীলন করছিল এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে জরুরিভিত্তিতে হেলিকপ্টার অবতরণ করা হলে খেলোয়াড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, এক মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে হেলিকপ্টারটি আনা হয়েছিল। মাঠ কর্তৃপক্ষও এ বিষয়ে অবগত ছিল। তাদের পূর্বানুমতিতেই হেলিকপ্টারকে মাঠে ঢুকতে দেওয়া হয়। কিন্তু তাদের জন্য নির্ধারিত ছিল মাঠের পাশেই আরেকটি জায়গা। হেলিকপ্টারের চালক ভুল করে ঢাকার অনুশীলন মাঠেই সেটিকে নিয়ে যান।
এ সম্পর্কে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বলেন, হেলিকপ্টারের মাঠে নামার বিষয়ে আমাদেরকে আগেই জানানো হয়। আমরা ক্রিকেট বোর্ড ও ঢাকা টিমকে বিষয়টি অবহিত করি। কিন্তু এ ক্ষেত্রে পাইলট ভুল করেছে। তার অবতরণের জন্য পূর্বপাশে জায়গা ঠিক রাখা হয়। কিন্তু তিনি পশ্চিম পাশে খেলোয়াড়দের অনুশীলনের স্থানে অবতরণ করেন। এ কারণে খেলোয়াড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, হেলিকপ্টার দেখে মাঠের সীমানায় চলে যান ক্রিকেটাররা। অনেকে করছিলেন ছোটাছুটিও। কারণ পাশ দিয়েই তখন আরেকটি অ্যাম্বুলেন্স প্রবেশ করছিল মাঠে।