সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে শরণখোলা রেঞ্জ অফিসে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তোফাজ্জেল হোসেন ময়নাতদন্ত করেন।
বনবিভাগ সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে আনুমানিক ১৬ থেকে ১৮ বছর বয়সের একটি বাঘের মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ। আজ সকালে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামছুল আরেফিনের নেতৃত্বে বনবিভাগের একটি দল বাঘটিকে দুবলা থেকে শরণখোলায় নিয়ে আসেন। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. তোফাজ্জেল হোসেন মৃত বাঘের দাঁত, চামড়া, লিভার, ফুসফুস ও পাকস্থলীসহ বিভিন্ন অঙ্গের নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় পশু অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র ঢাকায় পাঠান।
সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের বাসিন্দা ও তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আ. মালেক রেজা বলেন, বিভিন্ন সময়ে সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হলেও আসল রহস্য উদঘাটন হয় না।
এ বিষয়ে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (সিএফ) মিহির কুমার দে জানান, ২০২১ সালে সুন্দরবন থেকে উদ্ধার হওয়া দুটি মৃত বাঘের ময়নাতদন্ত রিপোর্টে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাঘ দুটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধুনছেবাড়িয়া চর থেকে আনুমানিক ১৪ থেকে ১৫ বছর বয়সী একটি এবং ৭ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে আরও একটি বাঘের মৃতদেহ উদ্ধার করে বনবিভাগ।