ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল
হকির প্রতিশোধ ফুটবলে নিতে পারবে মেয়েরা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 10:52 AM

হকির প্রতিশোধ ফুটবলে নিতে পারবে মেয়েরা?

হকির প্রতিশোধ ফুটবলে নিতে পারবে মেয়েরা?

‘আমরা হেরেছি ঠিক আছে, তবে গোল বেশি হজম করে ফেলেছি’- বুধবার ভারতের কাছে ৯-০গোলে বিধ্বস্ত হওয়ার পর এমন কথা বলেন বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ভারতের কাছে যে পাত্তা পাবে না আশরাফুলরা, তা অনুমিতই ছিল। তবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রতিবেশীদের টেক্কা দেয়ার মতো দলই বাংলাদেশ। হকির প্রতিশোধটা আজই নিতে পারেন মারিয়া মান্ডারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দুপুর তিনটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। মুখোমুখি লড়াইয়ের আগে সুপারস্টার শামসুন্নাহার জানিয়েছেন, অভিজ্ঞতা কাজে লাগিয়েই জয় তুলে নিতে চান তারা।

২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে এই ভারতকে হারিয়েই শিরোপার আনন্দে মাতে বাংলাদেশ। নারী সাফের যেকোনো পর্যায়ে যা বাংলাদেশের প্রথম শিরোপা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শামসুন্নাহারের গোলে সেবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

চার  বছর পর একই ভেন্যুতে লীগ পর্বের ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে। বয়সভিত্তিক প্রতিযোগিতা হলেও এবারের আসরটি অনূর্ধ্ব-১৯ সাফ। রাউন্ড রবিন লীগ-ভিত্তিক এই সাফে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ভারতের। আজ প্রতিবেশীদের বিপক্ষে জয় বাংলাদেশের পথকে সহজ করে দেবে। তাহলে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

চার বছর আগে ভারতকে হারানোর সেই স্মৃতি এখনো অমলিন শামসুন্নাহারের। শুধু তিনিই নন, দলের সবারই রয়েছে ভারতের বিপক্ষে খেলার কম-বেশি অভিজ্ঞতা। ভারতকে হারানো তাই খুব একটি কঠিন নয় বলে মনে করেন না শামসুন্নাহার।

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে জিতে বের হতে পারলে আমাদের ফাইনালের পথটা সহজ হয়ে যাবে। অনূর্ধ্ব-১৫ যখন বাংলাদেশে হয়েছিল, তখন ভারতের বিপক্ষে এক গোলে জিতেছিলাম। সেই গোলটি ছিল আমার করা।’ শামসুন্নাহারের মতো ডিফেন্ডার আঁখি খাতুনও ভারতকে হারাতে বেশ আত্মবিশ্বাসী। আঁখি বলেন, ‘ভারতের খেলা দেখেছি এবং তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আছে। আমাদের টিম ওয়ার্ক নিজেরাই করেছি। সবকিছু নিয়েই কাজ করেছি এখন শুধু মাঠে খেলার অপেক্ষা।’

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের অন্য ম্যাচে মুখোমুখি হবে নেপাল-ভুটান। ২ ম্যাচে ৪ পয়েন্টের সুবাদে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। এক পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে ভুটান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৬ গোল হজম করে ভুটান।

আর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করা নেপাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কুড়ায় ৬-০ গোলের বড় জয়। ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায়। দারুণ ছন্দে আছেন ভারতের প্রিয়াঙ্কা। দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status