চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। শনিবার বিভিন্ন সময়ে উপজেলার আধারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মতলবসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা এবং পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার কানাছোয়া গ্রামের বিভিন্ন বয়সী কমপক্ষে ১৭ জনকে সকাল থেকেই বিভিন্ন সময়ে শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
আহতরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আধারা গ্রামের কামরুল ইসলামের মেয়ে লামিয়া (৫) ও সদ্যসমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইউপি সদস্য প্রার্থী মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা বর্তমানে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আধারা গ্রামের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিন এর স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী, আধারা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড শাহজাহান, একই গ্রামের বাচ্চু মিয়া, মোবারক ও তার ছেলের বউ, শফিকের স্ত্রী, দুলাল প্রধানের স্ত্রী, মৃত কফিল উদ্দিনের হাজির ছেলে শাহজাহান, দাউদকান্দি উপজেলার কানাচোয়া গ্রামের শরিফ প্রধানের স্ত্রী খাদিজা ও হাসানুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুনসহ কয়েকজন শিয়ালের কামড়ে আহত হন।
আধারা গ্রামের আব্দুল কাদির জানান, সকাল থেকেই শিয়ালগুলো এলাকার বিভিন্ন জনকে কামড়িয়ে আহত করেছে। পরে এলাকাবাসী দুটি শেয়াল মেরেছে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক গাজী বলেন, শিয়ালের কামড়ে আমার স্কুলের নাইটগার্ড আহত হয়েছে। এছাড়া এলাকার অনেকেই আহত হয়েছেন। শিয়ালের কারণে এলাকার ছোট বড় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে।