কুষ্টিয়ার কুমারখালীতে মা থাপ্পড় দেওয়ায় অভিমানে এক পঞ্চম শ্রেণির ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জান্নাতুল অর্পা ঐ উপজেলার বাটিকামারা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় এস.এম আইডিয়াল স্কুলের ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ সময় অর্পার মা তাকে থাপ্পড় দিয়ে পাশেই নিজের বাবার বাড়িতে চলে যান। শুক্রবার সকালে বাড়ি ফিরে মেয়েকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। পরে আশপাশের লোকজন এসে অর্পার লাশ নিচে নামায়।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয় গণ্যমান্যদের অনুরোধ ও নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।