মিস ইউনিভার্স মুসলিমার চূড়ান্ত পর্বে দুই বাংলাদেশি শিক্ষার্থী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 September, 2021, 6:04 PM
মিস ইউনিভার্স মুসলিমার চূড়ান্ত পর্বে দুই বাংলাদেশি শিক্ষার্থী
মিস ইউনিভার্স মুসলিমাহ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মিস ইউনিভার্স মুসলিমার কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিযোগী অংশ নেন। সৃজনশীল কাজের মাধ্যমে তাঁরা নিজেদের প্রতিভাকে তুলে ধরেন।
বাংলাদেশি দুই প্রতিযোগীর একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বিনতে আবদুস সালাম। আরেকজন ফেনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহেদা আক্তার চৌধুরী।
মিস ইউনিভার্স মুসলিমাহ তরুণীদের নিয়ে কাজ করা একটি সংগঠন। সমাজে নানা ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী মুসলিম তরুণীদের প্রতিভা বিকাশে প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাজের নানা স্তরের তরুণীদের নিজস্ব ক্ষেত্রে অবদান রাখতে সহায়তা করে। শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তিতে নারীর সাফল্য ও সমাজে ক্ষমতা প্রতিষ্ঠায় সহায়তা করে সংগঠনটি।
মুসলিম তরুণীদের মধ্যে যারা ইসলামের বিধি-নিষেধ মান্য করে সমাজের নানা ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন তাদের মিস ইউনিভার্স মুসলিমাহ হিসেবে নির্বাচিত হন। হিজাব, কোরআন বোঝা, তাকওয়াবান, বিনয়ী, উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রতিভাবান, উদার, আত্মবিশ্বাসী, বুদ্ধিবৃত্তিক, প্রভাবশালী, সংগঠতি, শিক্ষিত, সৃজনশীল ও উচ্চাকাঙ্ক্ষী ও অনুপ্রেরণাদায়ক কাজের মাধ্যমে ১৮-৩০ বয়সী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।