ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
তালেবান যেভাবে সোশাল মিডিয়া ব্যবহার করতে শুরু করল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 12:07 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 September, 2021, 12:17 PM

তালেবান যেভাবে সোশাল মিডিয়া ব্যবহার করতে শুরু করল

তালেবান যেভাবে সোশাল মিডিয়া ব্যবহার করতে শুরু করল

এবছরের মে মাসের শুরুর দিকে, যুক্তরাষ্ট্র ও নেটো যখন আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করে, তালেবান তখনই আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীগুলোর ওপর সামরিক আক্রমণ জোরদার করতে শুরু করে।

একই সঙ্গে তারা আরো একটি কাজ শুরু করে যা সংঘাত-কবলিত আফগানিস্তানের এই গ্রুপটির ইতিহাসে এর আগে খুব একটা দেখা যায়নি। সশস্ত্র অভিযানের পাশাপাশি তারা সোশাল মিডিয়াতেও তাদের পক্ষে একযোগে প্রচার প্রচারণা চালাতে শুরু করে।

সোশাল মিডিয়ার বেশ কিছু অ্যাকাউন্টের একটি নেটওয়ার্ক থেকে তালেবান কাবুল সরকারের কথিত ব্যর্থতার কথা তুলে ধরতে শুরু করে। একই সঙ্গে এসব অ্যাকাউন্ট থেকে তালেবানের বিভিন্ন ধরনের অর্জন ও সাফল্যের কথাও তুলে ধরা হয়।

তালেবানের সাম্প্রতিক কিছু বিজয়ের কথাও ফুলিয়ে ফাঁপিয়ে পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে, কখনও কখনও বিজয়ের আগেভাগেই। এজন্য তারা টুইটারে নানা ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে শুরু করে যার মধ্যে রয়েছে #kabulregimecrimes, যেখানে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়।

আরো একটি হ্যাশট্যাগ #westandwithTaliban ব্যবহার করে আফগানিস্তানের তৃণমূল পর্যায়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করা হয়। এবং তালেবানের #ﻧَﺼْﺮٌ_ﻣٌِﻦَ_اللهِ_ﻭَﻓَﺘْﺢٌ_ﻗَﺮِﻳﺐٌ এই হ্যাশট্যাগের অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয় খুব নিকটে।

এক পর্যায়ে আফগানিস্তানে এই হ্যাশট্যাগগুলো বহুল প্রচার প্রায় বা ট্রেন্ড করতে শুরু করে।

এসবের জবাবে আফগানিস্তানের সাবেক সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তার বাহিনী এবং জনগণকে সতর্ক করে দিয়ে বলেন তারা যেন সোশাল মিডিয়ায় তালেবানের বিজয়ের এসব মিথ্যা দাবি বিশ্বাস না করেন।

একই সঙ্গে তিনি জনগণের প্রতি আহবান জানান, সামরিক অভিযানের বিস্তারিত তথ্য যাতে তারা প্রকাশ না করেন। কারণ এর ফলে আফগানিস্তানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

তালেবানের সোশাল মিডিয়ার ব্যবহার থেকে ধারণা করা যায়- যে গ্রুপটি একসময় আধুনিক তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের তীব্র বিরোধিতা করতো সেখান থেকে তারা সরে এসেছে। শুধু তাই নয়, তাদের বার্তা ও খবরাখবর আরো বহুগুণে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা সোশাল মিডিয়াকেও ব্যবহার করতে শুরু করেছে।


তালেবান যখন ১৯৯৬ সালে আফগানিস্তানে প্রথম ক্ষমতায় এসেছিল, তারা ইন্টারনেট নিষিদ্ধ করে দিয়েছিল। জব্দ করেছিল টেলিভিশন সেট, ক্যামেরা ও ভিডিও টেপ। অথবা এসব ধ্বংস করে দিয়েছিল।

কিন্তু ক্ষমতা থেকে উৎখাত হওয়ারও চার বছর পরে, ২০০৫ সালে ইসলামিক এমিরেটস অফ তালেবানের একটি ওয়েবসাইট 'আল-এমারাহ' চালু করা হয়। এখন সেই ওয়েবসাইটে ইংরেজি, আরবি, পাশতু, দারি এবং উর্দু- এই পাঁচটি ভাষায় তাদের খবরাখবর প্রকাশ করা হয়।

এসবের মধ্যে রয়েছে অডিও, ভিডিও এবং বিভিন্ন ধরনের লেখা। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের নেতৃত্বে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সাংস্কৃতিক বিভাগ এসব পরিচালনা করে।

জাবিউল্লাহ মুজাহিদের প্রথম অ্যাকাউন্টটি টুইটার বন্ধ করে দিয়েছিল। তবে তার এখনকার নতুন অ্যাকাউন্ট, যেটি ২০১৭ সাল থেকে সক্রিয়, সেখানে তার তিন লাখ ৭১ হাজারেরও বেশি অনুসারী রয়েছে।

তার পেছনে কাজ করছে স্বেচ্ছাসেবীদের একটি বিশেষ দল যারা অনলাইনে তালেবানের আদর্শ উদ্দেশ্য তুলে ধরে বাহিনীর পক্ষে প্রচারণা চালাচ্ছে।

এই গ্রুপের প্রধান হিসেবে যার নাম শোনা যায় তিনি কারী সাঈদ খস্তি। তিনি ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সোশাল মিডিয়া বিষয়ক পরিচালক।

কারী সাঈদ খস্তি  বলেন, এই টিমের রয়েছে আলাদা আলাদা গ্রুপ যারা টুইটারে হ্যাশট্যাগের ট্রেন্ডিং এবং হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে তালেবানের বার্তা ছড়িয়ে দিতে কাজ করে।

"আমাদের শত্রুদের কাছে টেলিভিশন, রেডিও এবং সোশাল মিডিয়াতে ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। কিন্তু আমাদের কিছুই নাই। তার পরেও আমরা টুইটার ও ফেসবুকে তাদের সঙ্গে যুদ্ধ করেছি এবং তাদেরকে পরাজিত করেছি," বলেন কারী সাঈদ খস্তি।

তিনি বলেন, তার কাজ হচ্ছে আদর্শের কারণে যারা তালেবানে যোগ দিয়েছে তাদেরকে সোশাল মিডিয়াতে নিয়ে আসা যাতে করে তারা "আমাদের বার্তা বহুগুণে ছড়িয়ে দিতে পারে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status