যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, দুধের জন্য কাঁদছে ৬ মাসের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 4:49 PM
যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, দুধের জন্য কাঁদছে ৬ মাসের শিশু
যৌতুক না পেয়ে বুশরা জাহান মীম নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করেছে স্বামী ইকবাল হোসেন সবুজ। এ অবস্থায় মায়ের দুহ না পেয়ে কাঁদছে মীমের ছয় মাস বয়সী মেয়ে।
গত শনিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত বুশরা জাহান মীম ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার বাবুল ড্রাইভারের মেয়ে। অভিযুক্ত ইকবাল হাসান সবুজ পার্শ্ববর্তী আমুয়াকান্দা এলাকার আদম আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করছিল ইকবাল হোসেন সবুজ। ২২ জুলাই সকালে মীমকে লাঠি দিয়ে আঘাত করে সে। এতে গুরুতর আহত হয়ে বাবার বাড়িতে চলে যান মীম। পরে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় ইকবাল হোসেন সবুজ ও তার মাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা সুরাইয়া আক্তার। ঘটনার পর থেকেই বুশরার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এদিকে মায়ের দুধ না পেয়ে কাঁদছে মীমের ছয় মাসের শিশুকন্যা। সে এখন নানির কাছে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে ইকবাল হোসেন সবুজের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় বুশরা জাহান মীমের। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। বছর ঘুরতেই ফুটফুটে কন্যাশিশু আসে মীমের কোলে। ভালোই চলছিল তাদের সংসার। এক বছর ধরে শুরু হয় অশান্তি। যৌতুকসহ বিভিন্ন বায়নায় মীমকে মারধর করতে শুরু করে সবুজ।
মীমের মায়ের দাবি, মেয়ের সুখের জন্য প্রায় কয়েক লাখ টাকা ও মালামাল দিয়েছেন যৌতুক লোভী সবুজের পরিবারকে। এরপরও থামেনি মেয়ের ওপর নির্যাতন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।