এসিল্যান্ডের কাছে পরিচয় দিলেন ম্যাজিস্ট্রেট, ধরে নিয়ে গেল পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:49 PM
এসিল্যান্ডের কাছে পরিচয় দিলেন ম্যাজিস্ট্রেট, ধরে নিয়ে গেল পুলিশ
বগুড়ার গাবতলী উপজেলায় প্রতারণার অভিযোগে আম্মাদুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে গাবতলী উপজেলার ভূমি অফিসে সহকারী কমিশনারের (ভূমি) কাছে জমির নামজারির বিষয়ে তদবির করতে গিয়ে গ্রেফতার হন তিনি। আম্মাদুর রহমান উপজেলার দড়িপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন সরকারের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার বলেন, আম্মাদুর আমার কাছে জমির নামজারির বিষয়ে তদবির করতে আসেন। নিজেকে তিনি ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডার হিসেবে পরিচয় দেন। তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছেন বলেও জানান। তার আচরণ দেখে আমার সন্দেহ হয়। আমি তাকে কিছু প্রশ্ন করে বুঝতে পারি যে, তিনি একজন প্রতারক। মিথ্যা পরিচয়ে তিনি তদবির করতে এসেছেন। স্থানীয়ভাবে তার বিষয়ে খোঁজ-খবর নেই।
এসিল্যান্ড সালমা বলেন, পরে পুলিশকে ফোন দেয়া হয়। পুলিশ এসে তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার বাদী আমার অফিস সহকারী বিজল কুমার দাস।
গাবতলী থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, ভুয়া পরিচয় দিয়ে আম্মাদুর প্রতারণা করতে উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।