সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় দা হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুলাই) বিকেলে কানাইঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হচ্ছেন- ভাঙচুরে নেতৃত্ব দেওয়া ছালেহা বেগম, তার মেয়ে নাজমিন বেগম, সুমি বেগম, সুহাদা বেগম, রহিমা বেগম ও ছেলে নাসির উদ্দিন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কানাইঘাটের কাড়াবাল্লা গ্রামে শুক্রবার বিকেলে নারীরা হামলা করে প্রতিপক্ষের ঘর ভেঙে ফেলেন। প্রায় ঘণ্টাব্যাপী এ হামলা ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় শনিবার (১০ জুলাই) সকালে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মইন উদ্দিন লথু বাদী হয়ে কানাইঘাট থানায় ছালেহা বেগমসহ তার পরিবারের লোকজনদের আসামি করে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জায়গা নিয়ে কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুন নুরের স্ত্রী ছালেহা বেগমের (৪৫) সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাসুর মৃত তবারক আলীর ছেলে মইন উদ্দিন লথুর বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। কয়েকদিন আগে ছালেহা বেগম সেই বিরোধপূর্ণ জায়গা থেকে বেশ কয়েকটি গাছ বিক্রি করেন। ক্রেতারা গাছ কাটতে আসলে এতে বাধা দেন মইন উদ্দিন লথু। এ সময় বিষয়টি মীমাংসা করার উদ্যোগ নেন স্থানীয় মুরুব্বিরা।
কিন্তু মুরুব্বিরা বিষয়টি সমাধান করার আগেই শুক্রবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে ছালেহা বেগম তার ছেলে-মেয়েসহ পরিবারের লোকজন হঠাৎ হাতে ধারালো দা ও লাঠিসোটা নিয়ে মইন উদ্দিন লথুর টিনশেড বসতঘর ভাঙচুর করতে শুরু করেন।
হামলার সময় প্রাণের ভয়ে ঘর থেকে বাসিন্দারা বের হয়ে যান। পরে ছালেহা বেগম ও তার মেয়েরা ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে মইন উদ্দিনের টিনশেডের ঘর ও আসবাবপত্র গুঁড়িয়ে দেন। স্থানীয় অনেকেই ঘটনাটি দেখলেও ছালেহা বেগম ও তার মেয়েদের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেননি।
এদিকে ভাঙচুরের পুরো দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন স্থানীয়রা। পরে সেটি ভাইরাল হয়ে পড়লে কানাইঘাট ও সিলেট জুড়ে তোলাপাড় সৃষ্টি হয়।