হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের দরিদ্র পরিবারের কিশোরী তুলি। বাবা আব্দুল মান্নান পেশায় কৃষক। তারপরও ৮ ছেলে-মেয়েকে চেষ্টা করে যাচ্ছেন লেখাপড়া করাতে। তুলি স্থানীয় কালাউক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
লকডাউনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তুলি ও তার কলেজ পড়ুয়া বড় বোন লিমা সিদ্ধান্ত নেয় অবসর সময়ে কাজ করে বাবাকে সহযোগিতা করার। ফলে গ্রামের কয়েকজনের পরামর্শে তারা কাজ নেয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কোম্পানির সেজান জুস কারখানায়। বেশ কিছুদিন ধরেই তারা কাজ করছিলেন সেখানে। ঈদের আগেই দু’জনের বাড়ি ফেরার কথাও ছিল। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল তুলির জীবন। ঈদ করতে আর ফেরা হলো না বাড়ি। সেজান জুস কারখানায় যখন আগুন লাগে তখন লিমা নিচতলাতে ছিল। সে বেরিয়ে আসতে পারলেও চতুর্থ তলায় থাকা ছোট বোন তুলি ভেতরে আটকে পড়ে। কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বড় বোন রক্ষা পেলেও এখনও নিখোঁজ ছোট বোন তুলি। ধারণা করা হচ্ছে ৫২ জনের মধ্যে তুলিও আছে। পরিবারের বড় বোন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জুহি আক্তার জানান, সংসারে অর্থনৈতিক অসচ্ছলতা থাকায় দুই বোন মিলে অর্থ উপার্জনের জন্য কাজে গিয়েছিল। তুলি গত ৩০ জুন স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ওইদিনই কর্মস্থলে যায়। কোরবানি ঈদের আগেই তাদের বাড়ি ফেরার কথা ছিল।
ভাদিকারা গ্রামে গিয়ে দেখা যায়, আগুন লাগার খবর শুনার পর থেকে কান্নায় বারবার মুর্ছা যাচ্ছিলেন তুলির মা। পুরো পরিবারে চলছে শোকের মাতম। তুলির বাবা আব্দুল মান্নান বলেন, আমার ৬ মেয়ে ও ২ ছেলে। এদের মধ্যে তুলি ছিল ৫ নম্বর। সংসারে সচ্ছলতা ফেরাতে গিয়ে আমার মেয়ের স্বপ্ন আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের বিভীষিকাময় অবস্থা থেকে ফিরে আসা লিমা ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, আমার বোন চতুর্থ তলায় আর আমি নিচ তলায় কাজ করতাম। আমরা অনেক কষ্টে বের হয়ে দেখেছি চতুর্থ তলায় আগুন জ্বলছে। শুধু প্রাণ বাাঁচানোর চিৎকার আর আর্তনাদ শুনেছি। এসময় আমাদের কিছুই করার ছিলনা। লিমা বলেন, ‘হয়ত সবার সাথে আমার আদরের ছোট বোনটিও ছাই হয়ে গেছে। ভাবিনি একসঙ্গে কাজে গিয়ে বোনকে হারিয়ে একা ফিরবো।’ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফ্যাক্টরিতে বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তৃতীয় দিন শনিবার (১০ জুলাই) ভবনটির পাঁচ ও ছয়তলায় উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস এখনও ওই ভবনে কাজ করছে। তারা আমাদের কাজ শেষে ভবনটি বুঝিয়ে দেবে। এরপর তদন্ত হবে। মামলাও হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহগুলো শনাক্ত করতে শনিবার সকাল থেকে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গ। মৃতদেহ শনাক্ত করতে মর্গের সামনে ভিড় করেছেন স্বজনরা। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৭ জনের মরদেহ শনাক্ত করতে ৩৭ স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ শনাক্ত করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন নিহতদের স্বজনরা। ভোলা থেকে আসা ফজলুল হক নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। রাকিব নামে তার এক বন্ধু আছে। রাকিব নিখোঁজ। তারা দুজনই একসঙ্গে কাজ করত। এদিকে জুস কারখানায় আগুন কীভাবে লেগেছিল? এটি নিছক দুর্ঘটনা, না মালিকপক্ষের গাফিলতি ছিল পেছনে? নাকি প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে রয়েছে কোনো দ্বন্দ্ব? এসব কিছুই তদন্ত করে দেখবে পিবিআই।