ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভারতে করোনায় মৃত্যু চার লাখের ‘মাইলফলক’ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 11:38 AM

ভারতে করোনায় মৃত্যু চার লাখের ‘মাইলফলক’ ছাড়াল

ভারতে করোনায় মৃত্যু চার লাখের ‘মাইলফলক’ ছাড়াল

ভারতে করোনায় মৃত্যু চার লাখের ‘মাইলফলক’ ছাড়িয়েছে। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৮৫৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩১২।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৬ হাজার ৬১৭ জনের করোনা শনাক্ত হয়। এ তথ্য নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১।

ভারতে টানা ২৫ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

ভারতে এখন পর্যন্ত সাড়ে ৩৩ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা স্তিমিত হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভারতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন রূপ ‘ডেলটা প্লাস’।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

গত ৪ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। গত ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়। আর ২ জুলাই মৃত্যু চার লাখের মাইলফলক ছাড়াল।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৬১ হাজার। যুক্তরাষ্ট্রের পর ভারত। ভারতের পর ব্রাজিল। ব্রাজিলে শনাক্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। এই সংখ্যা ৬ লাখ ২০ হাজার। ব্রাজিল দ্বিতীয়। দেশটিতে মারা গেছে ৫ লাখ ২০ হাজার। ভারত তৃতীয়।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে মাস কয়েক আগে ভারতের বিভিন্ন রাজ্য বিধিনিষেধ আরোপ করে। এখন সংক্রমণ কমতে থাকায় বিভিন্ন রাজ্য সতর্কতার সঙ্গে বিধিনিষেধ শিথিল করছে। একই সঙ্গে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ব্যাপারেও রাজ্যগুলো প্রস্তুত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status