বাগেরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:42 PM
বাগেরহাটে ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের হয়েছে
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১১) যৌন হয়রানির অভিযোগে শহিদুল হাওলাদার (৪৫) নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮জুন) সকালে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলাটি দায়ের করেন। এদিন দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী-চালিতাবুনিয়া গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে অভিযুক্ত শহিদুল হাওলাদার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত। গত ৩জুন সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে যৌন হয়রানির ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাড়িও একই ইউনিয়নে ।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন সকালে ফোন করে প্রধান শিক্ষক শহিদুল হাওলাদার পঞ্চম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন সনদ ও মা-বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে স্কুলে যেতে বলেন। ওই ছাত্রী কাগজপত্র নিয়ে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তার কক্ষে একা পেয়ে যৌন হয়রানি করেন মেয়েটিকে । পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানায় ঘটনাটি।
এর পর অভিযুক্ত শিক্ষকের পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগীর পরিবার তাতে রাজি না হওয়ায় ঘটনার পাঁচদিন পর মামলা দায়ের করে তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপ-পরিদর্শক স্বপন কুমার সরকার জানান, যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল হাওলাদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জবানবন্দির জন্য ভুক্তভোগীকেও জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে পঠানো হয়েছে।