স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা, অভিমানে পৃথিবী ছেড়ে চলেই গেলেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:06 PM
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা, অভিমানে পৃথিবী ছেড়ে চলেই গেলেন
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
মৃত মো. মোরশেদ আলম উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ির মোবারক হোসেনের ছেলে।
বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জসিম জানান, মোরশেদ পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে ৮ নম্বর সোনাপুর ইউনিয়ন পরিষদে মামলা করেন। এতে অভিমানে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।