অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের উত্তরাখণ্ডের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) আগেই বাবা রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেছিল। এবার সরাসরি আলোচনায় বসার জন্য রামদেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো তারা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তরাখণ্ডের আইএমএ রামদেবের কাছে প্রশ্ন রেখেছে, চিকিৎসার জন্য কোন অ্যালোপ্যাথি হাসপাতাল পতঞ্জলির ওষুধ দিয়েছে রোগীকে? অন্যদিকে, আইএমএ প্রধান জে এ জয়লাল জানান, রামদেব কোভিড টিকা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছেন, তা যতক্ষণ না ফিরিয়ে নেবেন, তার বিরুদ্ধে অভিযোগ এবং মানহানির মামলা তোলা হবে না।
সম্প্রতি অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রামদেব। তিনি বলেছিলেন, অ্যালোপ্যাথির জন্যই লাখ লাখ মানুষ কোভিডে মারা যাচ্ছেন। তার এই মন্তব্যে ভারতজুড়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আইএমএ রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। মানহানির মামলাও করা হয় রামদেবের বিরুদ্ধে।
আইএমএ প্রধান জে এ জয়লাল জানান, কোভিড টিকা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে এ ধরনের মন্তব্য করে রামদেব আদতে সরকারের বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন। টিকা নিয়ে তার মন্তব্য নাগরিকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। যেহেতু রামদেবের বিপুল সংখ্যক অনুগামী রয়েছে, তাদের মধ্যেও এই বিভ্রান্তি ছড়িয়ে পড়লে তারা টিকাবিমুখ হতে পারেন। যা বড় চিন্তার বিষয়।