হাসপাতালের বিল মেটাতে না দেয়া কোভিডে মৃতের দেহ ফেললেন রাস্তায়!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 11:36 PM
হাসপাতালের বিল মেটাতে না দেয়া কোভিডে মৃতের দেহ ফেললেন রাস্তায়!
ভয়ানক ঘটনা বললেও কম বলা হবে। গুজরাতের সুরাতে করোনাভাইরাসে (Coronavirus) মৃত এক রোগীর দেহ হাসপাতালের বেড থেকে সরিয়ে রাস্তায় বের করে দিলেন চিকিৎসক। জানা গিয়েছে, হাসপাতালের বিল মেটাতে না পারার কারণেই ওই রোগীর দেহ রাস্তায় বের করে দেন ডাক্তার। ঘটনাটি ঘটেছে বুধবার সুরাতের বামরোলি এলাকায়। পুলিশ অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করেছে। তিনিই দেহটি রাস্তায় বের করে ফেলে আসার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।
অভিযুক্ত ডাক্তারের নাম জিতেন্দ্র পটেল। বামরোলির প্রিয়া জেনারেল হাসপাতালের মালিকও তিনি। কোভিডের বিধিলঙ্ঘনের দায়েই ওই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে্ বলে জানিয়েছে পানডেসেরা পুলিশ। সুরাত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিক ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিশ জানিয়েছে, অতিমারি আইনে করোনাবিধি ভেঙেছিলেন ওই অভিযুক্ত চিকিৎসক। করোনাভাইরাসে মৃত রোগীর দেহ ঠিকমতো হস্তান্তর না করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এভাবে আরও বহু মানুষের প্রাণ যেতে পারে বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
গোটা দেশজুড়েই করোনার পরিস্থিতি উদ্বেগের। ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ভেঙে আক্রান্তের (Coronavirus) গন্ডি ফের ৪ লক্ষ পার, মৃতের সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত (Corona Positive) হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের (Corona Negative) হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু (COVID 19 Death) সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। বুধবার সংখ্যাটা ছিল প্রায় ৩,৭০০।