যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দেশটির ব্রায়ান শহরের কেন্ট মুর ক্যাবিনেট নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে ব্রায়ান পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর। সংকটমুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। তবে হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।
ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুসকে নিশ্চিত করেছেন, সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। টেক্সাস পাবলিক সেফটি বিভাগের (ডিপিএস) সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেপ্তার করেন। তিনি বলেন, ধাওয়া করার সময় টেক্সাস ডিপিএসের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী ওই ব্যক্তি কেন্ট মুর ক্যাবিনেটে কাজ করতেন। সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালেন কেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।