কাতারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এবং বিভিন্ন বাংলাদেশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তাকে বিদায় জানাতে, দোহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্যালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রবীণ ব্যাক্তি ও কাতার বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসা। আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর স্টেশন ম্যানেজার ইলিয়াস হোসাইন, এছাড়া বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতার এর উপদেষ্টা তৈবুর রহমান, সংগঠনের সভাপতি ও একুশে টেলিভিশন কাতার প্রতিনিধি হোসেন শহীদ সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী শামীম, লিমো লাইট ট্যুরিজম এর ব্যবস্থপনা পরিচালক রিয়াজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিউ সার্ভিসেস কোম্পানির পরিচালক জীয়া উদ্দিন, মাসুদ কায়সার, কবির হোসেন, আজমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান বলেন, দীর্ঘ তিন বছরের অধিক সময় নিয়ে আমি কাতারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দায়িত্বে ছিলাম। প্রবাসী বাংলাদেশীদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, বিশেষ করে যারা কাতারে মৃত্যু বরন করেছেন তাদেরকে দেশে পাঠাতে আমিসহ বিমানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কোন অংশে কম ছিলোনা। তিনি আরও বলেন, কাতারে দীর্ঘ কর্মজীবনে আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। কাজ করতে গিয়ে প্রবাসীদের অনেক সময় অনেক অভিযোগ ছিল, আমি চেষ্টা করেছি সাধ্যের মধ্যে প্রবাসীদের সমস্যার সমাধান করতে এবং বিমানের পক্ষ হতে যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে। আমার কর্মজীবন এখানে শেষ, আমি অবসরে যাচ্ছি। দেশে গিয়ে আমি গ্রামে মাটির কাছে ফিরে যাবো।
গত তিন বছরের অধিক সময় ধরে কাতারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার হিসেবে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন। গত সোমবার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্য কাতার ত্যাগ করেন।
কাতারে নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।