নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাতে তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি কোরাবারী ও ৪৪টি ককটেলসহ গ্রেফতার করা হয় ।
গ্রেফতাররা হলেন মো. বাবুল হোসেন, মো. সেলিম, মো. রিপন ভূঁইয়া, মো. রবিউল ইসলাম, মো. আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম ও মো. জাবেদ হোসেন।
জসিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। স্বর্ণের দোকান ডাকাতির জন্য তারা সন্ধ্যা থেকে দোকান বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বেছে নেয়। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। চক্রটি বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
তিনি জানান, ২ মাস ধরে কঠোর নজরদারীর মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করে র্যাব। অতঃপর র্যাব-১১ সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
আসামিরা লক্ষীপুর সদর উপজেলার কলেজ রোড এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। কয়েকদিন আগে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বানানোর সময় এই আন্তজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার আসামি মো. বাবুল হোসেন এর পা বিস্ফোরণে পুড়ে যায়।