মুনাফার ভাগ গণমাধ্যমকে দেয়ার আইন নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের জেরে অস্ট্রেলিয়ায় নিউজ কনটেন্ট দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক।
বৃহস্পতিবার থেকে স্থানীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটের সব ফেসবুক পেজ-এ ঢুকতে পারছেন না দেশটির ফেসবুক ব্যবহারকারীরা। আবার অস্ট্রেলিয়ার নিউজ প্রকাশনাও দেখতে পারছেন না দেশটির বাইরে থাকা ফেসবুক ব্যবহারকারীরা।
সংবাদমাধ্যম ছাড়াও সরকারের স্বাস্থ্য, জরুরি পরিস্থিতিসহ আরও কয়েকটি পেজও ব্লক করে দেয়া হয়। তবে পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো ভুল বশত ব্লক হয়েছে।
দেশটির সরকার বলছে, নিউজ ব্লকের কারণে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়বে।
অস্ট্রেলিয়া সরকারের এক প্রস্তাবিত আইনের কারণেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ওই আইনে নিউজ কন্টেন্টের কারণে ফেসবুককে মূল্য পরিশোধ করতে বলা হয়েছে।
বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবিত সেই আইনটি অনুমোদিত হয়। দেশটির সরকার বলছে, তারা আইন অনুযায়ী অগ্রসর হবে।
ফেসবুক ও গুগল বলে আসছিল, প্রস্তাবিত ওই আইন ইন্টারনেটের মৌলিক ধারণার সঙ্গেই সাংঘর্ষিক। অস্ট্রেলিয়া সরকার অন্যায্যভাবে তাদের ‘শাস্তির মুখে’ ফেলছে।
তবে সেই অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে গুগল রুপার্ট মার্ডকের নিউজ করপোরেশনকে লাভের ভাগ দিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ফেইসবুক নিউজ কনটেন্ট বন্ধের পথে হাঁটল।
অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রকেরা বলছেন, টেক জায়ান্টস এবং প্রকাশকদের মধ্যে লাভ ভাগাভাগিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতেই তারা নতুন আইনের প্রস্তাব করেছেন। তবে ফেসবুক বলছে, ওই আইনটি তাদের সামনে দুইটি সুযোগ থেকে একটি বেছে নেয়ার পরিস্থিতি তৈরি করেছে: হয় এই সম্পর্কের বাস্তবতাস অস্বীকার করা আইনটি মেনে নেয়া, অন্যথায় অস্ট্রেলিয়ায় আমাদের সেবায় নিউজ কন্টেন্ট অনুমোদন বন্ধ করে দেয়া।
অস্ট্রেলিয়ার প্রকাশকেরাও নিজেদের ফেসবুক পেজ-এ কোনও নিউজ লিংক শেয়ার করতে পারছেন না। দ্য ন্যাশনাল ব্রডকাস্টার, এবিসি এবং সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ান-এর মতো সংবাদমাধ্যমগুলোর লাখ লাখ ফেসবুক অনুসারী রয়েছে।
ফেসবুক বলছে, গত বছর তাদের প্লাটফর্মে নিউজ লিংক শেয়ার করার মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রকাশকেরা প্রায় ৪০ কোটি ৭০ লাখ ডলার আয় করার সুযোগ পেয়েছেন। কিন্তু এই আয় থেকে ফেসবুকের আয়ের পরিমাণ খুবই সীমিত। সূত্র: বিবিসি