ওয়েট লিফটিং করতে করতে বাংলাদেশের সুনামধন্য ওয়েট লিফটার রতন কুমার পালের হাটুর হাড় ক্ষয় হয়ে যায়। ২০০০ সালে বোন আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হন। ভারতের চেন্নাই থেকে ২০১০ সালে হাটু রিপলেস্মেন্ট করেন। এছাড়াও তিনি পরপর দুইবার ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি চলাচল করতে পারেন না। রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়ে বাড়িতে শয্যাশায়ী থাকলেও তার খোঁজ খবর কেউ রাখে না।
টাকার অভাবে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে বাড়িতে অবস্থান করছেন। স্বামীর পাশেই রয়েছেন যুথিকা রানি পাল।প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
রতন কুমার পাল কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার হেরঙ্গ কুমার পালের ছেলে। তিনি রাশিয়া, চীন, বুলগেরিয়া, ভারত সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। একবার মিঃ বাংলাদেশ, ১৬টি স্বর্ণ পদক, ৩১টি রৌপ্য পদক, ২২টি ব্রোঞ্জ পদক, ২টি ব্রোঞ্জ ও ২টি আন্তর্জাতিক এওয়ার্ড, বাংলাদেশে অলিম্পিক পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
রতন কুমার পাল বলেন, আমি অসুস্থ হয়ে পড়ে আছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিনা। ওষুধ কিনতে পারছি না। আমি নামকরা ওয়েট লিফটার ও বডি বিল্ডার ছিলাম। দেশে-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ ও ব্রোঞ্জসহ বিভিন্ন পদক পেয়েছি। এই অবস্থায় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।
আক্ষেপ নিয়ে তিনি বলেন, এক সময় আমি এই হাত দিয়ে ১০০ কেজি- ১৫০ কেজি পর্যন্ত তুলেছি। আজ এই হাত দিয়ে ভাতটুকুও খেতে পারি না। এর চেয়ে আর কি কষ্ট হতে পারে। একসময় নিজের শক্তি দিয়ে ন্যাশনাল-ইন্টারন্যাশনাল গেমসে অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ সহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছি। দেশের মুখ উজ্জ্বল করেছি। কিন্তু আজ আমি অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমার কেউ খোঁজ নেয় না, কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে না।
তার স্ত্রী যুথিকা রানী পাল বলেন, আমার স্বামী একজন ইন্টারন্যাশনাল ওয়েট লিফটার। সে একজন নামকরা খেলোয়াড় ছিল। সে অসুস্থ। তার অবস্থা এখন খুবই খারাপ। সে এখন হাঁটা চলাফেরা করতে পারে না। হাত পা বাঁকা হয়ে গেছে। বিছানায় প্রসাব-পায়খানা করে। মুখে তুলে খাবার খাওয়াতে হয়। তার চিকিৎসা করার মত কোনো সামর্থ্য আমাদের নেই।
সে একজন সরকারি চাকরিজীবী ছিল। কিন্তু সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি। বর্তমানে আমাদের সংসারের অবস্থাও খুবই খারাপ। ঠিকমতো সংসার চলে না। আমাদের একটি মাত্র ছেলে সন্তান তাকে ঠিকমত লেখাপড়া করাতে পারছিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের আর্থিক সহযোগিতা করেন। অর্থের অভাবে গত দুই বছর ধরে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে।
তিনি আরো বলেন, ওয়েট লিফটিং করতে করতে তার দুই পায়ের হাটু ক্ষয় হয়ে যায়। ২০০০ সালে তার বোন আর্থ্রাইটিস রোগ ধরা পড়ে। ভারতের ভেলোরে নিয়ে গিয়ে ২০১০ সালে তার দুই পায়ের হাটুর রিপ্লেসমেন্ট করা হয়েছে। এতে ১০ লাখ টাকা খরচ হয়েছে। তবুও সে হাঁটতে পারে না। সে এখন অসহায় জীবন যাপন করছে। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। প্রধানমন্ত্রী আপনি আমাদের পাশে না দাঁড়ালে হয়তো আমার স্বামী আর বাঁচবে না।