পদ্মাসেতুর কারণে যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন হবে: সেতুমন্ত্রী
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 February, 2021, 2:03 PM
পদ্মাসেতুর কারণে যোগাযোগে এক বৈপ্লবিক পরিবর্তন হবে: সেতুমন্ত্রী
পদ্মাসেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মূল পদ্মাসেতুর নির্মাণকাজ শতকরা ৯২ ভাগ এবং পদ্মা বহুমূখী সেতুর নির্মাণকাজের সার্বিক অগ্রগতি শতকরা ৮৪ ভাগ শেষ হয়েছে।
তিনি বলেন, ২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পদ্মাসেতুকে ঘিরে দেশের আগামীদিনের উন্নয়ন আবর্তিত হবে।
মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণকাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। দেশের মানুষের ভাগ্যের চাকার অমূল পরিবর্তন হবে। তাই এই সেতুকে ঘিরে দেশের মানুষের হাজারো স্বপ্ন রয়েছে। আর এই স্বপ্নের কথা একমাত্র শেখ হাসিনাই বুঝতে পারেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তার আগামীর স্বপ্ন কি - জানতে চাইলে তিনি বলেন, তার প্রথম স্বপ্ন- সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিষণ ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিনত করা।