জিয়াকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়: মোশাররফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 February, 2021, 6:26 PM
জিয়াকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব নয়: মোশাররফ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা সম্ভব হবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। এদেশে ২৫ মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়ত্তশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হয়েছে, কিন্তু জিয়াউর রহমানই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আর তাকে নিয়ে আপনারা টানাটানি করছেন। আগুন নিয়ে খেলছেন। আপনাদের হাত পুড়ে যাবে, ছাই হয়ে যাবে।
তিনি বলেন, এই খেতাব কেউ দেয় নাই, এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ যারা খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন। এই খেতাবের ওপরে হাত দেয়ার কোনো অধিকার কারো নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই সরকার তো সম্পূর্ণ অনৈতিকভাবে জনগণের ঘাড়ের ওপর চেপে আছে। তাদের পক্ষে নৈতিক কথা বলা সম্ভব নয়। মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত, মিথ্যা তাদেরকে বলতে হবে, তারা অন্যায়ের ওপরে প্রতিষ্ঠিত তাদের অন্যায়ই করতে হবে।
তিনি বলেন, আজকে বাংলাদেশে সুশাসনের অভাব, বিচারহীনতা, আজকে গণতন্ত্র নাই, অর্থনীতিতে লুটপাট, ব্যাংকগুলো লুটপাট হচ্ছে, রিজার্ভ ডাকাতি হচ্ছে, শেয়ারবাজার লুট হচ্ছে। একটি জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে তারা কোনো ভালো কাজ করেছে এবং ন্যায়ের কাজ করেছে, কোনো সত্য প্রতিষ্ঠা করেছে। তাদের এই দুর্গন্ধ বাংলাদেশে শুধু নয়, বিদেশে ছড়িয়ে পড়েছে।
খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, আল-জাজিরা একটা রিপোর্ট দিয়েছে সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হলো। যদি ওই রিপোর্টের বিষয়বস্তুগুলো মিথ্যা হয় তাহলে সরকারের দায়িত্ব ছিলো এ বিষয়ে প্রতিবাদ করা। কিন্তু তারা বিষয়বস্তুর মধ্যে যান নাই, শুধু রাজনৈতিকভাবে নাকচ করে দিয়েছেন।