শুধু নৌকা মার্কার প্রার্থীরা ভোট কেন্দ্রে যাবে: মাহমুদা বেগম কৃক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 February, 2021, 12:04 PM
শুধু নৌকা মার্কার প্রার্থীরা ভোট কেন্দ্রে যাবে: মাহমুদা বেগম কৃক
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, বিএনপির সাথে যাদের কিছু কিছু প্রেমপ্রীতি আছে তাদের মুখ দেখতে চাই না। তাদের ভোট কেন্দ্রে আসার কোনো প্রয়োজন নেই। ভোট কেন্দ্রে যাবে শুধু স্বাধীনতার মার্কা, শেখ মুজিবের মার্কা, শেখ হাসিনার মার্কা ও প্রিয় নেতাদের মার্কা নৌকা মার্কার প্রার্থীরা।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারণায় এসে নৌকার মনোনীত প্রার্থীর পক্ষে ঠাকুরগাঁও শহরের এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির সাথে পিড়িত থাকলে ভোট কেন্দ্রে না গিয়ে ঠাকুরগাঁও ছেড়ে চলে যেতে বলেন মাহমুদা বেগম কৃক।
তার এমন বক্তব্যে শহর জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তার মন্তব্যের একটি ভিডিও ইতো মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। তার ভিডিওটি ফেসবুক ব্যবহারকারিরা নিজের ওয়ালে পোস্ট করে বিভিন্ন মন্তব্যও করেছেন।
ভিডিও পোস্টকারি শাওন আমিন তার ফেসবুক আইডিতে যা লিখেছেন তা পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো- কৃক আপা ঠাকুরগাঁও আপনার বাবার কেনা শহর। বাংলাদেশে থাকতে হলে তাহলে সবাইকে আ’লীগ করতে হবে কিংবা নৌকায় ভোট দিতেই হবে। এত সাহস কই পান আপনি। আপনার ভাগ্য ভালো যে ঠাকুরগাঁও শহরে কোনো সাহসী লোক নাই। আমি যদি থাকতাম আপনার বক্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম।
জাহিদ হোসেন নামে আরেকজন ভিডিও পোস্ট করে লিখেছেন, আমাদের ঠাকুরগাঁওয়ের মালিক উনি, যারা ধানের শীষে ভোট দিবেন তারা বাড়ি ভাড়া পরিশোধ করে ১৩ তারিখ ঠাকুরগাঁও ছেড়ে চলে যাবেন। ঠাকুরগাঁও হচ্ছে উনার বাপের আর আমরা ভাড়া থাকি আবাল কোথাকার। এ ধরনের নানা মন্তব্যে অনেকেই ভিডিওটি পোষ্ট করেছেন।
নাম না প্রকাশের সত্যে অনেকেই বলেন, প্রধানমন্ত্রী যেখানে সকল ভোটারদের বলছেন আপনারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন। সেখানে তিনি (মাহমুদা বেগম কৃক ) নির্বাচনী প্রচারণায় বলছেন ‘বিএনপির সাথে পিড়িত থাকলে ভোট দেওয়ার দরকার নাই আর ঠাকুরগাঁও ছেড়ে দিন’, এটা তো একজন দায়িত্বশীল নেতার কথা হতে পারে না। আর ওনার সাহস হলো কিভাবে এ কথা বলার।