কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চুরির নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা ম্যানেজার আল আমিন (৩০)।
আজ (১০ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে ও টাকা উদ্ধারের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে পুলিশের কাছে সংবাদ আসে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে সোশ্যাল ইসলামী ব্যাংকের রায়পুর এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। এ খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি যে, ব্যাংকের তালা ভেঙে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকসহ সিসি ক্যামেরার ডিভাইস চুরি হয়েছে।’
তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদের দিক নির্দেশনায় ডিবি ও সিআইডি পুলিশের দল নিয়ে রহস্য উদঘাটনে কাজ শুরু করি আমরা। তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় চুরির রহস্য উদঘাটন এবং চুরির মালামাল উদ্ধার করতে সক্ষম হই। জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ম্যানেজার ইতিপূর্বে ব্যাংকের ভোল্টের টাকা আত্মসাৎ করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিজেই চুরির ঘটনার নাটক সাজায়। চোরাইকৃত একটি মনিটর, একটি স্ক্যানার ম্যাশিন, একটি ডিভিআর ম্যাশিন, তিনটি সিসিটিভি ক্যামেরা ও একটি ফিঙ্গার প্রিন্ট ম্যাশিন উদ্ধার করা হয়।
আসামির দেওয়া তথ্যমতে তার বসত ঘরের সান-শেডের ওপর থেকে নগদ ১ লাখ ৮৮হাজার ২৫০ টাকা জব্দ করা হয়। এজেন্ট ব্যাংকের মালিক মো. মাসুমের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পেনাল কোড আইনে ম্যানেজারকে আটক পূর্বক থানায় মামলা দায়ের করা হয়েছে।