ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দায়িত্ব ছাড়ার আগে ব্যাননকেও ক্ষমা করলেন ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 2:20 PM

দায়িত্ব ছাড়ার আগে ব্যাননকেও ক্ষমা করলেন ট্রাম্প

দায়িত্ব ছাড়ার আগে ব্যাননকেও ক্ষমা করলেন ট্রাম্প

দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা আগেই নিজের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননকে ক্ষমা করে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগ দিয়ে জালিয়াতির অভিযোগ ওঠা ব্যাননকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ের জন্য চালানো এক প্রচারাভিযানে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ব্যাননের বিরুদ্ধে মামলা রয়েছে।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওই সিদ্ধান্ত নেয়ার আগে মঙ্গলবার তার সঙ্গে ফোনে কথাও বলেন ব্যানন।

এদিকে দায়িত্ব হস্তান্তরের শেষ কয়েক ঘণ্টায় ব্যাননের মত আরো প্রায় একশ মানুষকে ক্ষমা করে দেবেন ট্রাম্প। এরইমধ্যে ক্ষমা পাওয়া লোকজনের তালিকা প্রস্তুত হয়েছে। সাজা কমানো, দায়মুক্তিসহ বিভিন্ন বিষয় এতে অন্তর্ভূক্ত রয়েছে। তবে ট্রাম্পের সর্বশেষ সাধারণ ক্ষমার তালিকায় কাদের কাদের নাম থাকছে সেই পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট হিসেবে কর্মদিবসের শেষেই ক্ষমা করে দেয়া লোকজনের নাম ঘোষণা করতে পারেন ট্রাম্প।

র‌্যাপার লিল ওয়াইনি, কোডাক ব্ল্যাক এবং ডেট্রয়েটের সাবেক মেয়র কোয়ামি কিলপ্যাট্রিককেও ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ব্যানন। গত বছরের আগস্টে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়।

গত আগস্টে ওই মামলায় ব্যাননকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ‘উই বিল্ড দ্য ওয়াল’ নামের একটি প্রচারণায় ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করা হয়। ব্যানন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ গ্রহণ করেছিলেন। এর মধ্যে বেশিরভাগই তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এছাড়াও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগও অস্বীকার করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যানন রক্ষণশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি তার রাজনৈতিক বুদ্ধিমত্তার জন্য বেশ পরিচিত। বেশ কিছু বিষয় বিবেচনা করে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করেছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতা ছাড়ার আগে বিদায়ী প্রেসিডেন্টের লোকজনকে ক্ষমা করে দেয়ার ঘটনা নতুন নয়। এর আগের প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই ক্ষমতা ছাড়ার আগে লোকজনকে ক্ষমা করে দিয়েছেন। তবে ট্রাম্পের ক্ষমার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে কারণ তার ক্ষমার তালিকায় থাকা বেশ কয়েকজনকে নিয়েই বিতর্ক রয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status