নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে ইয়াকুব আলী নামে নিখোঁজ এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টায় ফতুল্লার দাপা শৈলকুড়া এলাকায় জামানের ঘাটের কাছে থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ইয়াকুব (৪৩) কিশোরগঞ্জ জেলার নিকলী থানার ভিটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। সে আলীগঞ্জ এলাকায় স্ত্রী ও ৫ শিশু সন্তান নিয়ে বসবাস করে ইব্রাহীম মিয়ার ট্রাক চালাত ভাড়ায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ইয়াকুবের কাছ থেকে ইব্রাহীম ৯২ হাজার টাকা ট্রাক ভাড়া পায়। আর ইয়াকুবের দাবি ইব্রাহীম তার কাছ থেকে ৭৪ হাজার টাকা পাবে। এ নিয়ে ২৯ ডিসেম্বর আলীগঞ্জে মিমাংসার জন্য দুজন বসেন। কথাবার্তার এক পর্যায়ে ইয়াকুব টাকা পরে দেবে বলে উঠে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
তিনি আরো জানান, নিখোঁজের দুদিন পর ইয়াকুবের চাচা মিকাইল মিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ইয়াকুবের সন্ধানে চেষ্টা চালাচ্ছিলেন। এর মধ্যে ইয়াকুবের লাশ পাওয়া গেছে। নিহতের শরীর ফুলে গেছে। ময়তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ বিষয়ে আরো জানতে আমাদের কয়েকটি পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।