বড়দিনের উৎসবে বাড়তি রং দিতে মাঠে নামছে ইংলিশ ক্লাবগুলো। লন্ডন ডার্বির রোমাঞ্চ উপভোগে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায়।
করোনা কেড়ে নিয়েছে উৎসবের রং। বড়দিনের উৎসবটা এবার অন্যবারের তুলনায় একটু আলাদা। চারদিকে নতুন করোনা সংক্রমণের আতঙ্ক। তারপরও থেমে নেই জীবন। উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে মাঠে নামছে চেলসি ও আর্সেনাল। সতর্কতা মেনে লন্ডন ডার্বির রোমাঞ্চ উপভোগের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
বড়দিনের উৎসবের আনন্দ এবার দুই ক্লাবের জন্য দুই রকম। চেলসির শুরুটা দুর্দান্ত করলেও মাঝপথে হয়েছে ছন্দপতন। এভারটন ও উলভসের কাছে হারের পর, শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় জয়ে ছন্দ খুঁজে পেয়েছে ব্লুরা। ডার্বিতেও সে ধারাবাহিকতা ধরে রেখে বড়দিনের আনন্দ দ্বিগুণ করার লক্ষ্য ল্যাম্পার্ডের দলের। আর্সেনালের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মরক্কোর উইঙ্গার হাকিম। অনিশ্চয়তায় আছেন জেমস ও চিলওয়েল।
থমথমে অবস্থা আর্সেনাল শিবিরে। শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছে গানাররা। পয়েন্ট টেবিলে ১৫তম স্থানে আছে আর্টেটার দল। ইপিএলে শেষ দশ ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছে আর্সেনাল। এ ম্যাচে চেলসির কাছে যদি গানাররা হেরে যায়, আর সপ্তাহের শেষে যদি বার্নলি ও ব্রাইটন নিজেদের ম্যাচে জয় পায় তবে, রেলিগেশন জোনের কাছাকাছি পৌঁছে যাবে আর্টেটার দল। নিজের চাকরি বাঁচাতে মরিয়া কোচ। কী করবেন সেটি ভেবেই যেন কুল পাচ্ছেন না।
সুস্থ হলেও এখনও ম্যাচ খেলার জন্য ফিট নন অবামেয়াং। তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তার জন্য। খেলতে পারবেন না থমাস পার্টি।
এদিকে আরেক ম্যাচে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে হবে দু’দলের এ দ্বৈরথ। সময়টা দারুণ যাচ্ছে সোলশায়ারের ইউনাইটেডের। লিডসের পর এভারটনকে হারিয়ে টেবিলের তিনে উঠে এসেছে তারা। দলের সবাই ইনজুরি মুক্ত। তাই লেস্টারের বিপক্ষে জয়ের লক্ষ্য সোলশায়ারের দলের।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এর আগে ১৩০ বার দেখা হয়েছে ইউনাইটেড ও লেস্টারের। ৬৮টি ম্যাচে জয়ের সৌরভ ছড়িয়েছে রেড ডেভিলরা। লেস্টারের জয় ৩৩ বার।