করোনা মহামারিতে দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে এবার বড়দিনের আয়োজন ছিল সীমিত। এ বছর ফ্রান্সের নটরডেমে দর্শনার্থী ছাড়াই হয়েছে আনুষ্ঠানিকতা। যিশুর জন্মস্থান বেথেলহামসহ বিশ্বের নানা প্রান্তে খ্রিষ্টধর্মাবলম্বীরা উদযাপন করছেন দিনটি।
মহামারিতে বদলে যাওয়া সময়ে সীমিত পরিসরে উদযাপতি হচ্ছে খ্রিষ্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। দিনটি ঘিরে ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড় কোনো আয়োজনে যোগ না দিলেও সেন্ট পিটারের বাসিলিকায় প্রার্থনায় অংশ নেন। সেখানে দেওয়া বক্তব্যে বৈষম্য দূর করার আহ্বান জানান।
ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেন, আমাদের মনে রাখতে হবে, যিশুখ্রিষ্ট ছিলেন গরিব পরিবারের। তার অভাব-অনটনের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। আমরা যেন মানুষের কল্যাণে নিবেদিত হই, এই হোক শিক্ষা।
ফ্রান্সের নটরডেমে এবার দর্শনার্থীদের উপস্থিতি ছিল না একেবারেই। বড়দিনের বিশেষ আয়োজন হয় খুব স্বল্প পরিসরে। যিশুখ্রিষ্টের জন্মস্থান ফিলিস্তিনের জেরুজালেমের বেথেলহেমে আয়োজন করা হয় বড়দিনের বিশেষ প্রার্থনার। যুক্তরাষ্ট্রেও দিনটি ঘিরে গির্জায় গির্জায় হচ্ছে প্রার্থনা। স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ খ্রিষ্টানরা।
রাশিয়াতে বড়দিন ঘিরে ব্যাপক আলোকসজ্জা হয়েছে। বিশেষ দিনের বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছেন রুশ নাগরিকরা।
এবার মহামারির কারণে দেশে দেশে কড়াকড়ির মধ্যেই ভিন্ন আঙ্গিকে চলছে বড়দিন উদযাপন। সবার একটাই প্রত্যাশা, কেটে যাক ২০২০-এর আঁধার।
একই সঙ্গে বড়দিন ঘিরে মাকিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা শুভেচ্ছা জানিয়েছেন।