ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে বাড়তি ওজন সমস্যায় ৫০ কোটির বেশি মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:36 PM

চীনে বাড়তি ওজন সমস্যায় ৫০ কোটির বেশি মানুষ

চীনে বাড়তি ওজন সমস্যায় ৫০ কোটির বেশি মানুষ

ছিপছিপে গড়ন আর চোখ ধাঁধানো শারীরিক কসরত- চীনাদের কথা শুনলে প্রথমে এ দৃশ্যই মনে আসে অনেকের। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে সেসব। প্রযুক্তিগত উৎকর্ষের সঙ্গে কমে যাচ্ছে চীনাদের শারীরিক শ্রম, কাজের চাপে নিয়মিত ব্যায়াম করারও সুযোগ হচ্ছে না অনেকের। ফলে বেড়ে যাচ্ছে ওজন। বর্তমানে চীনে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেক, অর্থাৎ ৫০ কোটিরও বেশি মানুষ মাত্রাতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। সম্প্রতি দেশটির এক সরকারি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে মানুষের হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

তাছাড়া, সাম্প্রতিক করোনাভাইরাস মহামারির কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কারণ, স্থূল শরীরের মানুষদের মধ্যে করোনাজনিত শারীরিক জটিলতা বা মৃত্যুহার বেশি দেখা গেছে।

গত বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, দেশটির ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের ওজন মাত্রাতিরিক্ত। এদের মধ্যে ১৬ দশমিক ৪ শতাংশই স্থূলতা সমস্যায় ভুগছেন।

অথচ দেড় যুগ আগেও সেখানে অতিরিক্ত ওজন সমস্যা এতটা প্রকট ছিল না। ২০০২ সালে দেশটিতে মাত্রাতিরিক্ত ওজনে ভুক্তভোগী ছিলেন মাত্র ২৯ শতাংশ মানুষ।

জনগণের মধ্যে স্থূলতা সমস্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে শারীরিক পরিশ্রম কমে যাওয়াকে দায়ী করেছে এনএইচসি। তাদের মতে, বর্তমানে চীনে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক-চতুর্থাংশেরও কম সপ্তাহে অন্তত একদিন ব্যায়াম করেন।

এছাড়া, মাংসের প্রতি আসক্তি বৃদ্ধি এবং ফলমূল খাওয়া কমিয়ে দেওয়া ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ বলে জানানো হয়েছে।

চীনের হারবিন শহরের পুষ্টিবিদ ওয়াং ড্যান বলেন, দেশের অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এখন ব্যায়াম করেন খুবই সামান্য, তাদের ওপর চাপ অনেক বেশি এবং কাজের সূচি একেবারেই অস্বাস্থ্যকর।

সম্প্রতি বাড়তি ওজন বা স্থূলতা সমস্যা শুধু চীনেই নয়, বাড়ছে সারাবিশ্বেই। চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ১৯৭৫ সালের পর থেকে বিশ্বে স্থূলতার হার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ভুক্তভোগীদের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোও রয়েছে।

সংস্থাটির হিসাবে, ২০১৬ সালে বিশ্বের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মাত্রাতিরিক্ত ওজন ও ১৩ শতাংশ স্থূলতা সমস্যায় ছিলেন। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় উপসাগরীয় ছোট্ট দেশ কাতারে। তাদের ৭০ শতাংশ মানুষেরই মাত্রাতিরিক্ত ওজন। সূত্র: বিবিসি

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status