ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কাউন্সিলর পদে জয়ে আশাবাদী সোনালী হিজড়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:37 PM

কাউন্সিলর পদে জয়ে আশাবাদী সোনালী হিজড়া

কাউন্সিলর পদে জয়ে আশাবাদী সোনালী হিজড়া

নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে এবার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সোনালী প্রচারণায় পিছেয়ে নেই। রাস্তাঘাট, দোকানপাট ও বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি ও তার সমর্থকরা। ভোটার দেখলেই পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইছেন। প্রার্থীর নাম সেজুতি তালুকদার সোনালী (৩৫)। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

পৌর এলাকার ৩, ৪ ও ৫নং ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে অটোরিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার সঙ্গে লড়ছেন আরও চার নারী। জেলার নির্বাচনী ইতিহাসে তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে তিনিই প্রথম।

জানা গেছে,সেজুতি তালুকদার সোনালী মদন পৌর এলাকায় ‘স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন। তিনি এ সংগঠনের সাধারণ সম্পাদক। দুস্থ, প্রতিবন্ধী ও হিজড়াদের নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনের মোট সদস্য সংখ্যা ৪৪৬ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য রয়েছেন ৪৫ জন।

২০১৮ সালে নিবন্ধিত এ সংগঠনটি হিজড়াদের পাশাপাশি দুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি থেকে সরিয়ে কর্মমুখী করেছে তৃতীয় লিঙ্গের ১০ জনকে। কমিউনিটির অধিকার আদায়ের আন্দোলনেও সব সময় সরব সংগঠনটি। এ কারণে এলাকার সবাই চেনেন সোনালীকে।

অষ্টম শ্রেণি পাস সোনালী বলেন, আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে জড়িত। এবার একটি বৃহৎ পরিসরে কাজ করতে চাচ্ছি। নির্বাচনী এলাকার সাতটি গ্রামের প্রায় সব ভোটার আমাকে চেনেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের পরামর্শ নিয়েই আমি প্রার্থী হয়েছি। ভোটাররা আমাকে উৎসাহিত করছেন। তারা খুব স্বাভাবিকভাবেই আমাকে গ্রহণ করেছেন।

নিজ সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার সচেতন অনেকে তার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন বলেও জানান তিনি।

জয়ের ব্যাপারে আশাবাদী সোনালী বলেন, নির্বাচিত হলে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব। প্রমাণ করব- তৃতীয় লিঙ্গের মানুষরাও অন্যদের মতোই সব কাজ স্বাভাবিকভাবে করতে পারেন।

আগামী ২৮ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status