পদ্মাসেতুর সংযোগ সেতুও এখন দৃশ্যমান। সংযোগ সেতুতে নিচে রেল এবং উপরে যানবাহন চলাচল উপযোগী করার কাজ চলছে সমানে। জাজিরা প্রান্তের সব গার্ডার বসানোর পর সংযোগ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। আর মাওয়া অংশেও বেশিরভাগ গার্ডার বসে গেছে।
সুউচ্চ মূল সেতুর সঙ্গে সড়কের ঢাল মেলাতে তৈরি করা হচ্ছে সংযোগ সেতু। চার লেনের পদ্মাসেতুর সঙ্গে মিশে গিয়ে এই সংযোগ সেতু দুই লেন করে এক্সপ্রেসওয়ে এবং রেললাইনে যুক্ত হচ্ছে।
মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর কাজও এগিয়ে যাওয়ায় খুশি পদ্মা পাড়ের মানুষ। স্থানীয় একজন বলেন, আমরা খুব দ্রুত পদ্মাসেতু দিয়ে চলাচল করতে পারবো। এতে আমরা খুবই খুশি।
নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতুর কাজে সম্পৃক্ত থাকতে পেরে খুশি নির্মাণ শ্রমিকরাও। এক শ্রমিক বলেন, আমরা এই সেতুতে মনোযোগী হয়ে করছি। কারণ এটা আমাদের সম্পদ, যা বিশ্বের বুকে দেশের জন্য সুনাম বয়ে আনবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, সংযোগ সেতুর অগ্রগতি ৭৯ শতাংশ। ৪১৪টি টি-গার্ডার তৈরি শেষ। বাকি ২৪টি তৈরির কাজ চলছে মাওয়ায়। আনুষঙ্গিক কাজের মধ্যে জাজিরা প্রান্তে কিছু ঢালাই বাকি রয়েছে। যা খুব দ্রুত সম্পন্ন করা হবে। মাওয়া প্রান্তের গার্ডার স্থাপনের কাজ চলমান। এগুলোও দ্রুত সম্পন্ন হবে।