যুক্তরাজ্যে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝে দুশ পাঁচজন যাত্রী নিয়ে একটি ফ্লাইট লন্ডন থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে নামলে তাদের সবাইকে হেলথ ডেস্কে নিয়ে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করা হয়। বাকি ৪০ জন যাত্রী সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
টানটান উৎকণ্ঠার মধ্যে নির্ধারিত সময়ের একঘণ্টা আট মিনিট আগে সকাল ৯টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের বিজি ২০২ ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বোডিংব্রিজ হয়ে যাত্রীরা একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান।
১৬৫ জন যাত্রীর সবার কাছেই নেগেটিভ সার্টিফিকেট রয়েছে বলে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানান।