রংপুরের পীরগঞ্জে প্রশিক্ষণের নামে প্রকৃত মাছচাষিদের সঙ্গে প্রহসন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুকুর নেই, মাছ চাষ করেন না-এমন চাষিদের নিয়ে উপজেলা কৃষি দপ্তর মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণ শেষ হয়েছে গতকাল সোমবার (১৪ ডিসেম্বর)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস্য উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) উত্তরাঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি বিল-জলাশয়, বিলুপ্ত ছিটমহল ও প্রাতিষ্ঠানিক জলাশয় খনন ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পটির দ্বিতীয় মেয়াদে উপজেলা পর্যায়ে মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গত রবিবার (১৩ ডিসেম্বর) পীরগঞ্জে ২৫ জন মৎস্যচাষির দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।
কয়েকজন মৎস্যচাষি অভিযোগ করেন, ২৫ জন প্রশিক্ষণার্থীর বেশিরভাগই অন্য পেশার মানুষ এবং তাদের নিজস্ব কোনো পুকুরও নেই। খোদ উপজেলা মৎস্য কর্মকর্তাই এমন প্রশিক্ষণার্থীদের বাছাই করেছেন। প্রকৃত মৎস্যচাষীরা বাদ পড়ায় প্রকল্পটির লক্ষ্যমাত্রা অর্জনে বাধাগ্রস্ত হবে।
কাবিলপুর ইউনিয়নের মাছচাষি মোস্তাফিজার রহমান, আব্দুল মজিদ ও পোলিন মিয়া জানান, প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে তাঁদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা।
যোগাযোগ করা হলে উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। তাই মাছচাষি চিনতে পারিনি। প্রশিক্ষণে হয়তো কয়েকজন অন্য পেশার থাকতে পারেন।
প্রকল্পটির পরিচালক (পিডি) আতাউর রহমান বলেন, আমি ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। এতে অবশ্যই প্রকৃত মৎস্যচাষি থাকতে হবে এবং তাদের পুকুরও থাকতে হবে। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।