রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বোমাটি উদ্ধার করা হয়। এটি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের রসুলপুর ফায়ার রেঞ্জে পাঠানো হচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ধারণা করছি ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত বুধবার বিকেল মাটি খোঁড়ার সময় আরো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। সেটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহ বিমান বাহিনীর মুক্তাগাছা ঘাটিতে পাঠানো হয়েছে।