ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দুদকে যেতেই হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 8:58 PM

দুদকে যেতেই হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে

দুদকে যেতেই হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপাকে

জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে তাকে দুদকে হাজির হওয়ার জন্য ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, জেড আই খান পান্না, সালাহ উদ্দিন দোলন, সুরাইয়া বেগম, মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, দুদকে হাজিরের জন্য দেওয়া নোটিশের বৈধতা নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাকে দুদকে যেতে হবে। তবে তার আইনজীবী বলেছেন তিনি অসুস্থ। এ কারণে ২৭ জানুয়ারি বা তার আগে তাকে দুদকে যেতে সময় দিয়েছেন আদালত।

গত ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ অবস্থায় উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার লক্ষ্যে আগামী ৪ নভেম্বর সকাল ১০টায় রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর বিরুদ্ধে রিট করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আবেদনে নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) এবং উপ-পরিচালককে (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) বিবাদী করা হয়।

পরে তার অসুস্থতার কারণে ৩ নভেম্বর শুনানি নিয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত রিটটি মুলতবি করেছিলেন হাইকোর্ট। ওই দিন খুরশীদ আলম খান জানান, আদালত ৩ ডিসেম্বর পর্যন্ত রিট শুনানি মুলতবি করেছেন। পিটিশনার অসুস্থ। এজন্য দুদকে হাজিরে সময় চাইলে ৬ ডিসেম্বর পর্যন্ত তাকে সময় দিতে বলেছেন আদালত। পরে আবেদনের পর দুদক তাকে সময় দেন।

এদিকে নির্ধারিত দিনে (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার আবেদনটি ফের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন আদালত।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status