করোনায় একদিনে আক্রান্ত ৬ লক্ষাধিক, মৃত্যু ১২ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 7:10 PM
করোনায় একদিনে আক্রান্ত ৬ লক্ষাধিক, মৃত্যু ১২ হাজার
বিশ্বে করোনায় একদিনে ৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১২ হাজারের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। একদিনেই আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি। মারা গেছে প্রায় ৩ হাজার। করোনার দ্বিতীয় ধাক্কায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ইউরোপে প্রতি ১৭ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে ইইউ। এ অবস্থায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে জার্মানি।
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় করোনা এখনো লাগামহীন। তবে এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিচ্ছে দেশটি। স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত রোগীসহ ৫ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্র
করোনায় সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় ঢেউয়ে দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলো। এ অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থান নিয়েছে নিউইয়র্ক প্রশাসন। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পানশালার এক মালিককে গ্রেফতার করে পুলিশ।
ইইউ
এদিকে ইউরোপের করোনা পরিস্থিতিরও আরও অবনতি হয়েছে। ইইউ স্বাস্থ্যমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার জানান, ইউরোপের দেশগুলোতে প্রতি ১৭ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রীরা।
জার্মানি
করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় রেস্তোরাঁ, পানশালা বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, করোনা মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।