দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ফুলবাড়ী-মিঠাপুকুর সড়কের পার্বতীপুর উপজেলার মাধবপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করলেও পুলিশ বলছে- ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এবং তার চোখ ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। নির্মম নির্যাতনেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পার্বতীপুর থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও নির্যাতন চালিয়ে হত্যা করে লাশটি রাস্তার পাশে গাড়ি থেকে ফেলে রেখে পালিয়েছে হত্যাকারীরা।
তিনি জানান, ওই তরুণীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।