বগুড়ার শেরপুরের রণবীরবালা-ফুলবাড়ি আঞ্চলিক সড়কটি এখন চলাচলের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
বগুড়ার শেরপুরের রণবীরবালা-ফুলবাড়ি আঞ্চলিক সড়কটি এখন চলাচলের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদে ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছেন ২০ গ্রামের হাজার হাজার মানুষ।
এলাকার ভুক্তভোগীরা জানান, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের দক্ষিণ প্রান্তে রণবীরবালা-ফুলবাড়ি আঞ্চলিক সড়কটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। সড়কটির ভেঙ্গে পড়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
রণবীরবালা গ্রামে সড়কের প্রবেশ পথে একটি বড় গর্ত হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সড়কটি ভেঙে প্রায় ৬-৭ফুট খাদের সৃষ্টি হওয়ায় এক সপ্তাহ ধরে কৃষি নির্ভরশীল ওই এলাকায় ছোট বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এরপর স্থানীয় লোকজন কয়েকটি বালুর বস্তা দিয়ে পথচারী ও রিকশা চলাচলের ব্যবস্থা করলেও অসুস্থ রোগীসহ সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এছাড়া রাস্তাটির মাঝে ছোট ফুলবাড়ি ইয়াকুব মোড়, মসজিদের উত্তর মোড়, করতোয়া নদীর পূর্বধারে শশ্মান মোড়, ফুলবাড়ি দহপাড়া মোড়সহ প্রায় ১৫টি স্থানে রাস্তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গাড়িদহ মডেল ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন সড়কটি দেখতে গিয়ে বলেন, ১০ সেপ্টেন্বর শেরপুর উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভায় ওই সড়কটির সার্বিক বিষয়ে উপস্থাপন করা হয়েছে। রাস্তাটি সংস্কার করতে মোটা অংকের টাকার প্রয়োজন। তবে প্রাথমিকভাবে রাবিশ দিয়ে অস্থায়ী মেরামত করা হবে।