করোনার বাধায় ভারতে শুটিং করতে পারছেন না আমির খান। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’র পুরো টিম নিয়ে তুরস্কে পাড়ি দিয়েছেন তিনি। সেখানে ভক্তদের ভক্তি-ভালোবাসা থেকে এক প্রকার পালিয়ে বাঁচলেন নায়ক।
লাদাখে হওয়ার কথা ছিল আমির খান ও কারিনা কাপুর খানের বহুল প্রতীক্ষিত সিনেমাটির শুটিং। লাদাখের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কারগিলে বাকি কাজ সারার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। কিন্তু করোনা ও চীন-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘লাল সিং চাড্ডা’। তাই দেশের বাইরে কিছু কাজ এগিয়ে রাখার কথা ভেবেছেন তিনি।
জানা যায়, করোনা সংক্রমণের মাঝে তুরস্কে আমির খান পৌঁছাতেই সামাজিক দূরত্ব ভুলে ভক্তরা ঘিরে ধরেন। সেলফি আর অটোগ্রাফ নেওয়ার চোটে প্রায় পড়েই যাচ্ছিলেন বলিউড অভিনেতা। সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ছবির চরিত্রের জন্য আমির লুক পাল্টেছে বারবার। তুরস্কে আমিরকে দেখা গেল সাদা টি শার্টে আর জিন্সে। মুখে অবশ্যই ছিল ফেস মাস্ক। কিন্তু নিজে সাবধান হলে কী ভবে, ভক্তদের হুড়োহুড়িতে তিনি প্রায় অবাক। সবাই তার সঙ্গে ছবি তুলতে চান। ভক্তদের উত্তেজনা সামাল দিতে না পেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরে পালিয়ে করোনা থেকে তো বটেই, নিজেকে বাঁচাতেই ছুটে পালিয়ে যান তিনি।
এ দিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটে লেখেন, “আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২১ সালের বড়দিনে। কো-স্টার মোনা সিং, পরিচালনায় অদ্বৈত চন্দন, প্রযোজনায় আমির খান, কিরণ রাও ও ভায়াকম১৮ স্টুডিও।”
শোনা যাচ্ছে, আমিরের ছবি পিছিয়ে যাওয়াতে ২০২০ সালের বড়দিনে মুক্তি পাবে ‘৮৩’। অন্যদিকে ‘লাল সিং চাড্ডা’র সঙ্গে একই দিনে মুক্তি পেতে পারে করণ জোহরের মুঘল সাম্রাজ্যের গল্প নির্ভর ছবি ‘তাখত’। শুটিং শুরু না হওয়া ওই ছবিতেও আছেন কারিনা। সঙ্গে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, ভূমি পেডনেকর, অনিল কাপুর ও ভিকি কৌশল।