বিদেশি লিগে নাম লেখানোর কথা অস্বীকার ভারতীয় অলরাউন্ডারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 7:00 PM
বিদেশি লিগে নাম লেখানোর কথা অস্বীকার ভারতীয় অলরাউন্ডারের
ভারতীয় ক্রিকেটারদের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার নিয়ম বা অনুমতি নেই। তবে যদি কোনো ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন, তবে আলাদা কথা।
চলতি বছরের জানুয়ারিতে অবসরে যাওয়া ইরফান পাঠানের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার খবর নিয়ে তাই তেমন আলোচনা হওয়ার কথা না। তবে আলোচনা শুরু হলো, ইরফান পাঠানের এক টুইটার পোস্টের কারণে।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'র প্রতিবেদনে এসেছিল, এলপিএল প্লেয়ার্স ড্রাফটে রয়েছে পাঠানের নাম। এই টুর্নামেন্টে অংশ নিতে যে ৭০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন, তার মধ্যে অন্যতম ভারতীয় এই অলরাউন্ডার।
কিন্তু এবার পাঠান নিজেই অস্বীকার করে বসলেন এমন খবর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘ভবিষ্যতে আমি বিশ্বের অন্যান্য লিগগুলোতে খেলতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি কোনো লিগে খেলার ব্যাপারে নিশ্চয়তা দেইনি।’
প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহে (সম্ভাব্য তারিখ ২৮ আগস্ট) শুরু হবে এলপিএলের প্রথম আসর। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা থেকে পাঁচটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।