ভারতে করোনার প্রকোপ বাড়ছেই। এই পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় সুস্থতার হার বেশি, মৃত্যু হারও কম। কিন্তু, আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। দূরত্ব বিধি বজায় রেখে মাস্ক পড়তেই হবে।’
করোনার এই প্রকোপের মধ্যেই অসতর্কতার ছবি দেখা যাচ্ছে। রাস্তায় অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাচ্ছে। যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। এ সম্পর্কে মোদি বলেন, আমাদের অনেক সময়ই মাস্ক ব্যবহারে অসুবিধা হচ্ছে। কিন্তু সেই সময় একবার করোনা যোদ্ধাদের কথা ভাবুন। দেশবাসীর কথা বিবেচনা করে মাস্ক পড়ুন।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। কোভিডে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩২ হাজার ৬৩। সূত্র: দি ইন্ডিয়ান টাইমস