৬ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, নারীসহ গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 July, 2020, 1:13 AM
৬ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, নারীসহ গ্রেফতার ২
সাভারের আশুলিয়ায় শিশু মারিয়া (৬ মাস) মৃত্যুর ৮ মাস পর নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু মারিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান। এর আগে শুক্রবার (২৪ জুলাই) ভোর রাতে আশুলিয়ার গাজিরচট এলাকার বুড়ির বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শিমুল (২৫) ও তার শাশুড়ি নুরজাহান জামালপুর জেলার আটাবরি এলাকার মৃত মেহের আলীর স্ত্রী। শিমুল আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে ছিনতাই করে বেড়াতো ও নেশায় আসক্ত ছিলো বলে জানা গেছে। নুরজাহান বুড়িরবাজার এলাকায় ভাড়া থেকে শিশু পরিচর্যা করে জীবিকা নির্বাহ করতো।
পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর আশুলিয়ার বুড়ির বাজার এলাকার নুরজাহানের বাসা থেকে ৬ মাসের শিশু মারিয়ার রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়। শিশু মারিয়াকে মাসে তিন হাজার টাকার বিনিময়ে নুরজাহানের কাছে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন পোশাক শ্রমিক বাবা-মা। প্রাথমিক তদন্তে মারিয়ার শরীরের বিভিন্ন স্থানে অস্বাভাবিক ক্ষতের চিহ্ন পাওয়া যায়। পরে ময়নাতদন্তসহ কয়েকটি পরীক্ষা শেষে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া তথ্য গোপন ও অপরাধীকে বাঁচানোর চেষ্টার জন্য শিমুলের শাশুড়ি নরুজাহান বেগমকেও গ্রেফতার করা হয়েছে।
শিশু মারিয়ার মৃত্যুর পর তার বাবা-মা পোশাক কারখানার চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি রাজশাহী চলে যায়। মেয়ে হত্যাকারী গ্রেফতারের বিষয়টি জানতে পরে আজ রাজশাহী থেকে থানায় এসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিহত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আগামীকাল ২৬ জুলাই তাদের আদালতে পাঠানো হবে।