রংপুরে পরিবারের লোকজন অসমবয়সী প্রেম মেনে না নেয়ায় এক কিশোর ও এক তরুণী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত ঘণ্টার ব্যবধানে তারা দু’জনই মারা যায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তারাগঞ্জের মিস্ত্রিপাড়ার মুক্তারানীকে তার প্রেমিক একই উপজেলার রহিমপুরের বিপ্লব রায় ডেকে নিয়ে যায়। রংপুরের বদরগঞ্জের চ্যাংমারী যাওয়ার পর বিপ্লব নিজে বিষপানের পর মুক্তার মুখে বিষ ঢেলে দিলে তারা দু’জনই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। পরে অজ্ঞাত এক অটোচালক তাদের রংপুর মেডিকেলে ভর্তি করে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী মেডিকেল অফিসার ডা. দেবব্রত কুমার রায় এই প্রসঙ্গে জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মুক্তা ও বিকেল সাড়ে তিনটার দিকে বিপ্লব মারা যায়। দুপুরে মুক্তার স্বজনরা তার মরদেহ নিয়ে গেলেও স্বজনরা না আসায় সন্ধ্যা পর্যন্ত বিপ্লবের মরদেহ মেডিকেলের মর্গে পড়েছিলো।
পুলিশ জানিয়েছে, মুক্তার মামাতো ভাই তাদের জানিয়েছেন মুক্তার বয়স ১৮ এবং বিপ্লবের বয়স ১৪ হওয়ায় দুই পরিবারের কেউই তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। এই কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
রংপুর তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী মোবাইলে জানান, বিষয়টি জানার পর তারা মেডিকেলে গিয়ে দু’জনের মৃত্যুর খবর জেনেছেন। কিন্তু কোন পরিবার থেকেই তারা অভিযোগ পাননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ বিপ্লবের মরদেহও নিতে আসেনি বলেও জানায় পুলিশ।