ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
উদ্বোধনের আগেই পদ্মায় বিলীন ২ কোটি টাকার স্কুল-সাইক্লোন শেল্টার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 July, 2020, 1:12 PM

উদ্বোধনের আগেই পদ্মায় বিলীন ২ কোটি টাকার স্কুল-সাইক্লোন শেল্টার

উদ্বোধনের আগেই পদ্মায় বিলীন ২ কোটি টাকার স্কুল-সাইক্লোন শেল্টার

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেল ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্কুল ও সাইক্লোন শেল্টার ঢাকা ট্রিবিউন

২০০০ সালে নির্মাণের পর থেকে ১০ বার ভাঙনের মুখে পড়ায় বিদ্যালয়টির জন্য নতুন করে এ ভবনটি নির্মাণ করা হয়, তবে এটিও পদ্মায় বিলীন হয়ে পড়ায় বিপাকে পড়েছে চাঁদপুরের ৫ শতাধিক শিক্ষার্থী

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেল ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্কুল ও সাইক্লোন শেল্টার।

এরপর  বৃহস্পতিবার (২৩ জুলাই) নদীগর্ভে বিলীন হয়ে যায় স্কুলটির জন্য নব-নির্মিত ভবনটি। বেশ কিছুদিন ধরেই স্কুল এলাকার চারপাশে ভাঙন অব্যাহত ছিল।

জানা গেছে,  রাজরাজেশ্বর ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয় নামে ওই বিদ্যালয়টি নির্মিত হয় ২০০০ সালে। এরপর থেকে ১০ বারের মতো ভাঙনের মুখে পড়ায় নতুন করে বিদ্যালয়টির এ ভবনটি নির্মাণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণের পর উদ্বোধন না হলেও তড়িঘড়ি করে একমাস আগে তা হস্তান্তর করা হয়। অনিয়মের কারণেই এবং বছরের পর বছর নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনও ভাঙনের প্রধানতম কারণ হিসেবে দায়ী করেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ওই স্থানে এ ধরনের স্থাপনা নির্মাণ করাটাই ঠিক হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার জানান, ওমর আলী উচ্চ বিদ্যালয় নামে ওই ইউনিয়নের একমাত্র বিদ্যালয় হিসেবে নির্মিত হয় ভবনটি। এর আগে ২০০০ সাল থেকে ওই বিদ্যালয়টি ১০ বার পদ্মার ভাঙনের শিকার হয়। গত রবিবার থেকে ভবনটি নদীর মধ্যে দাঁড়িয়ে থাকলেও বৃহস্পতিবার তলিয়ে যায়। এতে ইউনিয়নের একমাত্র বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া হুমকির মধ্যে পড়েছে। তাই আমাদের দাবি, এখানে একটি ভাসমান স্কুল প্রতিষ্ঠা করা হোক।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী জানান, গত বছর জানুয়ারিতে স্কুল ও সাইক্লোন সেন্টারটির স্থান নির্ধারণের সময় মেঘনা নদী প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ছিল। তিনি বলেন, এতোদিন ভবনটি টিকে থাকলেও এটি এখন নদীতে হেলে পড়েছে।

সাইক্লোন শেল্টারের ঠিকাদার প্রতিনিধি ও ইউপি সদস্য পারভেজ গাজী রনি বলেন, “এখানকার শিক্ষার্থীদের লেখাপড়া এবং ইউনিয়নবাসীর কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঐকান্তিক প্রচেষ্টায় এখানে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার করে দিয়েছেন। এই ভবনটির সাইড সিলেকশনের সময় নদী এখান থেকে বহু দূরে ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা খুব দ্রুততার সঙ্গে ভবনটি নির্মাণ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।”

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা জানান, স্থায়ী কোন বাঁধ নির্মাণ করা ছাড়া কোন কিছুই রক্ষা করা সম্ভব নয়। ভবন কিংবা এলাকা ভাঙন রোধে বাধ নির্মাণের বিকল্প নাই।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আখতার জানান, রাজরাজেশ্বর ইউনিয়নটি চারপাশে পদ্মা-মেঘনা নদী দ্বারা বেষ্টিত। বর্তমানে পদ্মা-মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি ও প্রচণ্ড স্রোতে ভবনটি তলিয়ে গেছে। এই ভবনটি নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের কোন পরামর্শ নেয়া হয়েছে কিনা তা আমি জানি না। তাছাড়া এই স্থানে এই স্থাপনা নির্মাণ করাটাই ঠিক হয়নি।

সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status