ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের ভক্তের সংখ্যা সবথেকে বেশি। যার বড় প্রমাণ সামজিক যোগাযোগ মাধ্যমেই পাওয়া যায়। ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটার সব প্লাটফর্মেরই তাদের ফলোয়ারের সংখ্যা অবাক করার মতো। তাই সামাজিক মাধ্যমে প্রিয়াঙ্কা-দীপিকার নামে অ্যাকাউন্টের ছড়াছড়ি। আর এতেই ঘটেছে বিপত্তি, দ্রুতই পুলিশি জেরার সম্মুখীন হতে পারেন এই দুই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে অত্যাধিক ফলোয়ারের জন্যই মুম্বাই পুলিশের নজরে প্রিয়াঙ্কা এবং দীপিকা। ইতোমধ্যে এই দুই অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, তাদের বিরুদ্ধে অনুরাগী বাড়ানোর জন্য টাকা দিয়ে ফেক অ্যাকাউন্ট পোষার অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ পায়নি মুম্বাই পুলিশ। তবে এই সবকটি অ্যাকাউন্টই যে ‘পেইড’ অর্থাৎ এগুলোর চালানোর জন্য কেউ টাকা ঢালছেন, তার প্রমাণ পুলিশের কাছে রয়েছে। আর সে কারণেই প্রিয়াঙ্কা ও দীপিকাকে হাজিরা দিতে হতে পারে থানায়।
এ বিষয়ে মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে জানান, প্রাথমিক তদন্তে তারা এ রকম ৫৪টি ফার্ম খুঁজে পেয়েছেন, যারা এসব ফেক অ্যাকাউন্ট দেখাশোনা করেন। তাই সামাজিক মাধ্যমে এই ফেক আইডি চালানো ফার্মগুলোর কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যেই অভিষেক দিনেশ দাউদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তর্জাতিক এক সংস্থার সঙ্গে এই ফেক আইডি সংক্রান্ত কার্যকলাপে জড়িত ছিলেন।
প্রসঙ্গত, শুধু দীপিকা এবং প্রিয়াঙ্কাই নন, এই ফেক আইডি স্ক্যামে জিজ্ঞাসাবাদ করা হবে আরো ১৭৪জন হাইপ্রোফাইল ব্যক্তিদের।