রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তারা হলেন- মো. হাবিবুর রহমান গাজী ও মো. হাফিজুল ইসলাম।
বৃহস্পতিবার র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার যাত্রাবাড়ী থানার ঘিরিধারা মারাকাতুজ তাহফিজ মাদরাসা ও মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাদক সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।